আয়বৈষম্যে ধনী দেশগুলোর প্রবৃদ্ধি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের ধনী দেশগুলোর নাগরিকদের আয়বৈষম্য ৩০ বছর ধরেই বেড়েছে। এর ফলে ধনী দেশগুলোর প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। বৈষম্যের কারণে ধনী দেশগুলোর দরিদ্র নাগরিকেরা ভালো মানের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফ্রান্সের প্যারিসভিত্তিক উন্নত দেশগুলোর গবেষণা প্রতিষ্ঠান ওইসিডির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
ওইসিডির (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) এ গবেষণার মতো চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গবেষণাতেও একই রকমের ফলাফল উঠে এসেছিল। তবে ওইসিডির এ গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ হলো, তাদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ধনী দেশগুলোকে কেন্দ্র করে। এতে আয়বৈষম্য ধনী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে, তাও উঠে এসেছে। আর আইএমএফের গবেষণা প্রকাশিত হয়েছে বিশ্বের সব দেশের প্রেক্ষাপটে।
ওইসিডির গবেষণায় বলা হয়েছে, এসব ধনী দেশের সরকারগুলোকে দরিদ্র পরিবারের সন্তানদের উন্নত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য নীতি-কৌশলে পরিবর্তন আনতে হবে।
উন্নত দেশগুলোতে সাম্প্রতিক সময়ে আয়বৈষম্য রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ারে পরিণত হওয়ায় এ বিষয়ে গবেষণার পরিমাণ বেড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বৈষম্য কমাতে করণীয় নিয়ে বিতর্ক থাকলেও তা যে বেড়েই চলেছে, সেটা সবাই স্বীকার করছেন। আর তা সমাধানেও ভিন্নমত আছে। অর্থনীতির সূত্রে আয়বৈষম্য কমানোর নির্দিষ্ট কোনো পন্থা না থাকাই এর অন্যতম কারণ।
ওইসিডির গবেষণা বলছে, অধিক বৈষম্য নানা সামাজিক সমস্যা তৈরি করে। এ কারণে সামাজিক আস্থা কমে যায়, বিনিয়োগ ব্যবহারের দক্ষতা কমে যায় এবং সর্বোপরি দরিদ্র পরিবারগুলোর পণ্য ও সেবা ব্যবহারের পরিমাণ কমে যায়। দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের একটি বড় অংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার পেছনে খরচ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন মনে করেন, সুযোগের সমতা নিশ্চিত করা সমাজের জন্য সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ।
নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের কাছে এ ধরনের গবেষণা অনেকটাই বিস্ময়কর মনে হয়েছে। তিনি বলেন, ‘আয়বৈষম্য প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে—আমি এ মতের সম্পূর্ণ বিরোধী না হলেও এর সঙ্গে পুরোপুরি একমতও নই।’
তবে ওইসিডি বলছে, ৩০ বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমেই তারা এ সিদ্ধান্তে এসেছে। আয়বৈষম্য ও প্রবৃদ্ধির মধ্যে নেতিবাচক সম্পর্ক পরিসংখ্যানের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। মধ্যম আয়ের লোকদের আয় যদি দরিদ্র পরিবারের আয়ের চেয়ে বেশি হারে বাড়ে, তাহলে বৈষম্য এ ক্ষেত্রে আরও প্রকট হয়ে ওঠে।
ওইসিডি মনে করে, আয়বৈষম্যের ব্যবধানের কারণে শিক্ষার মানেও তারতম্য ঘটে। ধনী পরিবারের সন্তানেরা পয়সার জোরে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পায়। দরিদ্র পরিবারের সন্তানেরা সে সুযোগ পায় না। কম বৈষম্যের দেশগুলোর চেয়ে বেশি বৈষম্যের দেশগুলোতে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার মান তাই অনেক বেশি খারাপ।
ওইসিডির শ্রম, কর্মসংস্থান ও সমাজকল্যাণবিষয়ক উপপরিচালক মার্ক পিয়ারসন বলেন, বৈষম্য মানুষের দক্ষতা অর্জনের পথে বড় বাধা, যা প্রবৃদ্ধির গতিকে কমিয়ে দেয়।
প্রতিষ্ঠানটির গবেষণা নিয়ে সমালোচনাও রয়েছে। দক্ষতা অর্জনে বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দিলেও দক্ষতা ও বৈষম্যের পারস্পরিক সম্পর্ক স্থাপনের বিষয়টি ওইসিডির মডেলে উঠে আসেনি বলে বিশেষজ্ঞরা মনে করেন। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস