আরও এক বছর থাকবেন কার্নি
২০১৯ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে থাকবেন মার্ক কার্নি। অর্থাৎ, প্রতিশ্রুত পাঁচ বছর মেয়াদ শেষ করে আরও এক বছর বেশি থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে গভর্নর পদে পাঁচ বছর থাকবেন বলে জানিয়েছিলেন কার্নি।
নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আট বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। সেই হিসাবে দুই বছর কম থাকার সিদ্ধান্ত নিলেন কার্নি।
আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে মার্ক কার্নি জানান, দেশের জন্য এই ধারাবাহিকতার গুরুত্ব আছে।
কার্নির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যের ট্রেজারি সিলেক্ট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু টাইরি বলেন, টানা ছয় বছর থাকার এ সিদ্ধান্ত একটি ভালো ব্যাখ্যা এবং পর্যবেক্ষণ দাবি করে। তিনি পাঁচ বছরের বেশি থাকার সিদ্ধান্ত নেওয়ায় কার্নির সমালোচনাও করেন।
তবে কার্নির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, এ দায়িত্বের জন্য কার্নিই সঠিক ব্যক্তি।
থেরেসা মে বলেন, এক বছর বাড়তি সময় খাতার যে সিদ্ধান্ত কার্নি নিয়েছেন, তা ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের (ব্রেক্সিট) জন্য যে আলোচনা চলছে, এর ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখবে। কার্নির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও। তিনিও থেরেসা মের মতো একই কথায় বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্রেক্সিট নিয়ে এই সংকটের সময়ে ব্রিটিশ অর্থনীতির জন্য খুবই উপকারী হবে।
কত বছর মেয়াদে থাকবেন, এই সিদ্ধান্ত চলতি বছরের শেষে জানানোর কথা ছিল কার্নির। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ হওয়ায় দায়িত্বে মেয়াদ নিয়ে পাহাড়সমান চাপে পড়েন কার্নি। আর তাই বেশ আগেভাগেই সময়টা জানিয়ে দিলেন তিনি। তিনি চাইলে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারতেন।
তবে কার্নি আগেই জানান ২০২১ সাল পর্যন্ত গভর্নর হিসেবে থাকছেন না তিনি। হাউস অব লডর্সকে তিনি জানান, পুরোপুরি ব্যক্তিগত কারণে ২০২১ সালের আগেই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেবেন তিনি।
২০১৩ সালের ১ জুলাই ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব নেন কানাডার নাগরিক মার্ক কার্নি। প্রথমে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কার্নি। পরে অবশ্য তৎকালীন ব্রিটিশ চ্যান্সেলর বা অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বিপুল বেতনের প্রস্তাব দিয়ে তাঁকে নিয়ে আসেন।