আরও দুই কোম্পানি ৫০ লাখ গাড়ি তুলে নেবে
জাপানের আরও দুটি গাড়ি নির্মাতা কোম্পানি বিশ্ববাজার থেকে ৫০ লাখের মতো মোটরগাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোম্পানি দুটো হলো হোন্ডা ও দাইহাৎসু।
দেশটির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও নিশান আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৬৫ লাখ মোটরগাড়ি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার এক দিন পরই হোন্ডা ও দাইহাৎসু একই পথে চলার কথা বলেছে।
টয়োটা-নিশানের মতো হোন্ডা-দাইহাৎসুকেও এয়ারব্যাগে ত্রুটির কারণে বিশ্ববাজার থেকে এই বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহার করতে হচ্ছে। তারা সবাই ওই সব গাড়িতে এয়ারব্যাগ বদলে বা প্রতিস্থাপন করে দেবে।
চার কোম্পানির গাড়িতে ব্যবহৃত এয়ারব্যাগগুলো তৈরি করেছে জাপানেরই আরেকটি প্রতিষ্ঠান তাকাতা। কোম্পানিটি গাড়ির বিভিন্ন ধরনের যন্ত্র ও যন্ত্রাংশ প্রস্তুত ও সরবরাহ করে থাকে।
হোন্ডা কোম্পানির গাড়িতে ব্যবহৃত তাকাতার এয়ারব্যাগ বিস্ফোরণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর বেরিয়েছে।
আন্তর্জাতিক বাজার থেকে তুলে নেওয়া গাড়িগুলোতে হোন্ডা সুইডেনের অটোলিভ এবং জাপানের দাইসেলের এয়ারব্যাগ প্রতিস্থাপন করবে। সেই সঙ্গে তাকাতার এয়ারব্যাগও নেবে তারা।
হোন্ডা ছাড়া অন্য কোম্পানিগুলো জানিয়েছে যে তাদের গাড়িতে এয়ারব্যাগের ত্রুটির অভিযোগ থাকলেও কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।
তদন্তে দেখা গেছে, তাকাতার তৈরি এয়ারব্যাগ যথাযথ বায়ুরোধী নয় এবং আর্দ্রতার কারণে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সবচেয়ে বড় কথা হলো, চাপ পড়লে গাড়ির ভেতরে এই ব্যাগ বিস্ফোরিত হওয়ার শঙ্কা রয়েছে।
তাকাতা কোম্পানির তৈরি ত্রুটিযুক্ত এয়ারব্যাগ ব্যবহারের কারণে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ গাড়ি প্রত্যাহার করতে হয়েছে।
সূত্র: বিবিসি