আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পদত্যাগ করলেন আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হুয়ান কার্লোস ফ্যাব্রিগা। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট অফিস তাঁর পদত্যাগের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
গত মঙ্গলবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার এক ভাষণে বলেন, অভ্যন্তরীণ শক্তি এবং মার্কিন স্বার্থবাদীরা তাঁর সরকারকে উৎখাতের চেষ্টা করছে। এমনকি এরা তাঁকে হত্যাও করতে পারে। প্রেসিডেন্টের এমন ঘোষণার এক দিন পর পদত্যাগ করলেন গভর্নর।
সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক আর্থিক দুর্দশার মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতি ৪০ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া দেশটির মুদ্রা পেসোর দামে নিম্নগতি এবং ঋণখেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রেসিডেন্ট কির্চনারের মঙ্গলবারের ভাষণ এবং ফ্যাব্রিগার পদত্যাগের গুঞ্জনে দেশটির শেয়ারবাজারেও বড় দরপতন হয়েছে। গতকাল বুয়েন্স এইরেস স্টক মার্কেটে ৮ দশমিক ২২ শতাংশ দরপতন হয়েছে।
গত সোমবারই যুক্তরাষ্ট্রের একটি আদালত ঋণ পরিশোধের বাধ্যবাধকতা পূরণ করার ব্যাপারে আর্জেন্টিনার আদালত অবমাননা করছেন বলে রুলিং দেন। গতকাল বুধবার আর্জেন্টিনা নবনিযুক্ত একজন স্থানীয় তত্ত্বাবধায়কের মাধ্যমে মঙ্গলবার ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বন্ড সুদ জমা দিয়েছে। এর মাধ্যমে আর্জেন্টিনা মার্কিন আদালতের রুলিং উপেক্ষা করল।
এক বছরের কম সময়ের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের এবং স্পর্শকাতর পদ থেকে সরে দাঁড়ালেন ফ্যাব্রিগা। তিনি ওই পদে থাকা অবস্থায় গত জানুয়ারিতে পেশোর মূল্য ১৮ শতাংশ মূল্যহ্রাস করা হয়। ন্যাশনাল সিকিউরিটিজ কমিশন প্রধানের দায়িত্ব পালনকারী আলেজান্দ্রো ভ্যানোলি স্থলাভিষিক্ত হচ্ছেন।