আর্জেন্টিনার গভর্নর পদত্যাগ করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হুয়ান কার্লোস ফ্যাবরেগা দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাসের মাথায় পদত্যাগ করেছেন।
দেশে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির।
ফ্যাবরেগার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই শেয়ারবাজারের মূল্যসূচক আট শতাংশের বেশি কমেছে। মূল্যস্ফীতিও ইতিমধ্যে বেড়ে ৪০ শতাংশে উঠেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর পরিমাণ ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকে তিন বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২০০ কোটি মার্কিন ডলার কমেছে। ২০১১ সালে যেখানে দেশটিতে বৈদেশিক মুদ্রার মজুত ছিল পাঁচ হাজার কোটি ডলার, সেখানে তা কমে এখন দুই হাজার ৮০০ কোটি ডলারে নেমে এসেছে। ফ্যাবরেগা আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের সরকারের ব্যাপক হারে রাজস্ব ব্যয়ের বিরোধিতা করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সরব ছিলেন। ফ্যাবরেগা গত বছরের ডিসেম্বরে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল সিকিউরিটিজ কমিশনের (এনএসসি) চেয়ারম্যান আলেজান্দ্রো ভ্যানোলি।