আলুর বাম্পার ফলনই ১৫ চাষির আত্মহত্যার কারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলন কম হলে লোকসান অনিবার্য। আবার যখন বাম্পার ফলনই হলো, তখন দাম ও বিক্রি দুটোই কম। হিমাগারেও রাখা যাচ্ছে না জায়গার অভাবে। এর ওপর রয়েছে ঋণ পরিশোধের চাপ। এই অবস্থায় দিশেহারা হয়ে মাত্র ১৯ দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৫ জন আলুচাষি বেছে নিলেন আত্মহননের পথ!
আলুচাষিরা তাঁদের উৎপাদিত আলু রাজ্যের বিভিন্ন জায়গায় সংরক্ষণ ও সরকারি উদ্যোগে আলু ক্রয়ের দাবিতে ৪ মার্চ থেকে আন্দোলন শুরু করেন। একই দিনে ঘটে প্রথম আত্মহত্যার ঘটনা। সর্বশেষ গত রোববার পশ্চিম মেদিনীপুরে একজন ও শনিবার বর্ধমানে আরেকজন আলুচাষি আত্মহত্যা করেন।
সরকারি হিসাবে বলা হয়েছে, এ বছর গোটা রাজ্যে ১ কোটি ২০ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। আর এই রাজ্যে আলুর চাহিদা আছে ৪২ লাখ টন। বাকি ৭৮ হাজার টন আলু বিক্রি করা কিংবা হিমাগারে রাখা জরুরি হয়ে পড়ে। অথচ রাজ্যের সব হিমাগারের মোট আলু সংরক্ষণের ক্ষমতা ৭৩ লাখ টন। ইতিমধ্যে হিমাগারগুলোর ৯০ শতাংশই পূর্ণ হয়ে গেছে। তাই আলু বিক্রি না হওয়ায় এবং হিমাগারে রাখতে না পেরে হতাশায় ভোগেন আলুচাষিরা। এই রাজ্যে আলুচাষি আছেন আট থেকে নয় লাখ।
আলুচাষিরা এখন বিভিন্ন মহাসড়কে আলুর বস্তা ফেলে বিক্ষোভ করছেন। কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায়ও আলু ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এটি আয়োজন করে সারা ভারত কৃষক খেতমজুর সংগঠন। সংগঠনটি আলুচাষিদের আত্মহত্যা রোধ, আলুর ন্যায্যমূল্য প্রদান ও ঋণ মওকুফের দাবি জানিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ হিসাবে ১০ হাজার রুপি করে আর্থিক সাহায্য দেওয়ারও দাবি জানায়।
চাষিরা জানান, বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমানে ৫০ কেজির আলুর বস্তা ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গতবার ছিল ৩৮০ রুপি।