আড়াই হাজার বছর পর লবণের ব্যবসা ছাড়ছে চীন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি লবণ কারখানা
চীনের একটি লবণ কারখানা

চীন রাষ্ট্রীয়ভাবে আর লবণ উৎপাদন ও বিক্রির একচেটিয়া ব্যবসা করবে না।
আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে যে পদ্ধতিতে এই পণ্যের উৎপাদন-বিপণন কার্যক্রম চলে আসছে সেটি ভেঙে ফেলতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। এ ছাড়া ১৯৫০ সালে এই শিল্পের ওপর আরোপিত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও তুলে নিয়ে তা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় চীনা সরকার; যাতে বিদ্যমান অদক্ষতা দূর হয় এবং বিভিন্ন কোম্পানির মধ্যে তীব্র প্রতিযোগিতার ভিত্তিতে পণ্যটি বাজারজাত হয়।
রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, সার্বিকভাবে সংস্কার কার্যক্রমের নির্দেশনা অনুযায়ী সরকার ব্যবসা-বাণিজ্য পরিচালনায় তার ভূমিকা কমাতে চায়। এরই পরিপ্রেক্ষিতে ভোজ্য লবণের একচেটিয়া কারবার ছেড়ে দিচ্ছে সরকার।
খনিজ সম্পদবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রোসকিল ইনফরমেশন সার্ভিসেসের তথ্য অনুযায়ী, চীন হচ্ছে বিশ্বে ভোজ্য ও রাসায়নিক শিল্পে ব্যবহার্য লবণের বৃহত্তম ভোক্তা দেশ। ২০১২ সালের হিসাবমতে, প্রায় ১৪০ কোটি মানুষের এই দেশ বিশ্বে লবণের মোট চাহিদার ২৫ শতাংশ ব্যবহার করে।
সিসিটিভি জানায়, চীনা সরকার লবণ উৎপাদন ও বিপণনের ওপর থেকে একচেটিয়া কারবার তুলে নিতে শুরু করবে আগামী ২০১৬ সালে; যা শেষ হবে ২০১৭ সালে।
চীনে লবণের বাজার বেশ বড় হওয়ায় বিদেশি কোম্পানিগুলোও এ দেশে ব্যবসা করতে আকৃষ্ট হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ একটি হলো মার্কিন ব্র্যান্ড মর্টন সল্ট। প্রতিষ্ঠানটি চলতি বছরের গোড়ার দিকে চীনের স্থানীয় এক অংশীদারের সঙ্গে লবণের ব্যবসা শুরু করে। এটাকেও দেশটিতে লবণ নিয়ে একচেটিয়া কারবারের অংশ বলে মনে করা হয়।
তবে বিদেশি কোম্পানিকে স্বাধীনভাবে লবণশিল্পে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে কি না সেটি অবশ্য সিসিটিভির প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। সরকারি টিভিটি জানায়, নতুন উদ্যোগে পাইকারি ব্যবসা উন্মুক্ত করা হবে এবং লবণের দামও উন্মুক্ত হয়ে যাবে। এ ছাড়া দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে পরিবেশক নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে।
লবণের বৈশ্বিক চাহিদার প্রায় ৪৬ শতাংশ মিটিয়ে থাকে চীন, যুক্তরাষ্ট্র ও ভারত। এর মধ্যে বর্তমানে চীনে সাত কোটি ১০ লাখ মেট্রিক টন, যুক্তরাষ্ট্রে চার কোটি মেট্রিক টন ও ভারতে এক কোটি ৮০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়।
কোনো কোনো গবেষকের মতে, চীনে খ্রীষ্টপূর্ব ৭০০ সাল থেকেই লবণ নিয়ে চীনা সরকার একচেটিয়া ব্যবসা করে আসছে। এই দীর্ঘ সময়ের কার্যক্রমে তেমন পার্থক্য লক্ষ করা যায়নি। অর্থাৎ একই পদ্ধতিতে এই ব্যবসা চলে এসেছে প্রায় আড়াই হাজার বছর ধরে।
বর্তমানে লবণশিল্পের ওপর নজরদারি ও তদারকির দায়িত্ব পালন করছে চায়না ন্যাশনাল সল্ট ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএনএসআইসি)। সংস্থাটির মতে, চীনে আয়োডিনযুক্ত লবণের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। লবণে আয়োডিন থাকার ফলে তা গলগণ্ডসহ কয়েকটি রোগ প্রতিরোধে কাজ করে থাকে।
সূত্র: রয়টার্স।