ইউরোজোন থেকে গ্রিস 'বেদনাদায়ক' বিদায় নেবে!
ঋণদাতা দেশ ও সংস্থাগুলোর সঙ্গে কোনো চুক্তিতে উপনীত হতে পারলে ইউরোজোন, এমনকি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকেও ‘বেদনাদায়কভাবে’ বিদায় নিতে পারে গ্রিস। খবর এএফপি ও বিবিসির।
ঋণদাতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকার পরিস্থিতিতে ঋণভারে জর্জরিত দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার অমন কড়া ভাষায় কথা বলল। গ্রিসের কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটি এ ধরনের প্রথম মন্তব্য। ইইউসহ ঋণদাতাদের সঙ্গে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত গ্রিসের আর্থিক পুনরুদ্ধার তহবিল-সংক্রান্ত সমঝোতা আলোচনা গত রোববার ভেঙে যায়।
আর্থিক দুরবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুত ৭২০ কোটি ইউরো পেতে তীব্র দর-কষাকষি করছে গ্রিস। ওই ঋণ পেতে গেলে গ্রিসকে চলতি মাসের মধ্যে পুরোনো ঋণ ফেরত দিতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারে ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্য ঋণদাতা দেশগুলোর অর্থনৈতিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের শর্তও পূরণ করতে হবে গ্রিসকে। এসব শর্তের মধ্যে রয়েছে বেতনকাঠামো সংস্কার, নাগরিকদের পেনশন বা অবসরভাতা কমানো, বিক্রয় কর বৃদ্ধি ইত্যাদি।
এই পরিস্থিতিতে এখন সবার দৃষ্টি লুক্সেমবুর্গে অনুষ্ঠেয় ইউরোজোনের ১৯টি দেশের অর্থমন্ত্রীদের বৈঠকের দিকে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন বলেছেন, গ্রিস ও তার ঋণদাতারা যদি একটি চুক্তি করতে ব্যর্থ হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। এতে ইউরোপের অর্থনীতি যেমন বাধাগ্রস্ত হতে পারে, তেমনি বিশ্ব আর্থিক বাজারেও টালমাটাল অবস্থা দেখা দিতে পারে।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বুধবার পেনশন খাতে কাটছাঁট করার প্রস্তাব অগ্রাহ্য করে বলেন, এ বিষয়ে ইইউর অবস্থানের পরিবর্তন না হলে চুক্তি হওয়া মুশকিল। অস্ট্রিয়া সফররত চ্যান্সেলর ওয়ার্নার ফেমানের সঙ্গে আলোচনায় তিনি বলেন, নতুন কাটছাঁটের আর কোনো অবস্থা নেই।
ঋণ ফেরত দিতে গ্রিসের হাতে আর মাত্র দুই সপ্তাহ সময় আছে। এই অবস্থায় সমঝোতার প্রশ্নে উভয় পক্ষের নাছোড় অবস্থানের মধ্যেও কেউ কেউ অবশ্য আশার আলো দেখছেন। এঁদের অন্যতম একজন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গতকাল তাঁর দেশের আইনসভা বুন্দেসতাগে দেওয়া ভাষণে বলেন, ‘একটি ঋণচুক্তি যে হবে সে বিষয়ে আমি এখনো আশাবাদী। ইচ্ছে থাকলে উপায় হয়। ’
এদিকে ঋণদাতাদের কঠোর কৃচ্ছ্রসাধনের বিরোধিতা করে গত বুধবার সন্ধ্যায় প্রায় সাত হাজার মানুষ জড়ো হন গ্রিসের রাজধানী এথেন্সে। তাঁরা ‘কৃচ্ছ্রসাধন নয়’, ‘গণতন্ত্র চাই’, ‘জোচ্চুরি নয়’—এসব লেখাসংবলিত ব্যানার নিয়ে এসেছিলেন।