ইউরোপীয়দের পাচার করা অর্থ সিঙ্গাপুরে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা কর ফাঁকি দিতে নিজ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে তা গচ্ছিত রাখছেন সুইস ব্যাংকসহ বেশ কয়েকটি দেশে। ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার পাশাপাশি বাড়ি বা সম্পদও কিনছেন অনেকে। বিনিময়ে নিয়েছেন স্থায়ী আবাসন সুবিধাও।
কিন্তু আর্থিক সংকট দেখা দেওয়ার পর বিভিন্ন দেশের সরকার কর ফাঁকির প্রবণতা রোধে বেশ কড়াকড়ি আরোপ করে। আর তাই সাম্প্রতিককালে সুইস ব্যাংকগুলোয় কর ফাঁকি দিয়ে রাখা অর্থের তথ্য প্রকাশে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ধনী দেশের চাপের কারণে এখানে অর্থ রাখা অনেকে আর যথেষ্ট নিরাপদ মনে করছেন না। সে কারণেই দুবাই, হংকং ও সিঙ্গাপুরের মতো দেশগুলোয় ইউরোপ থেকে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে বলে জোর প্রচারণা ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এশিয়ার এই দেশগুলো কর ফাঁকির নতুন স্বর্গরাজ্য।
এ বিষয়ে এত দিন নীরবতা অবলম্বন করলেও এবার মুখ খুলেছে সিঙ্গাপুর। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বেশ জোর দিয়েই বলেছেন যে টাকা পাচার ও কর ফাঁকি রোধে কড়াকড়ি আরোপ করায় ইউরোপের ধনাঢ্য ব্যক্তিরা সেখান থেকে সিঙ্গাপুরে অর্থ সরিয়ে আনছে—এমন কোনো সাক্ষ্য-প্রমাণ মেলে না।
মনিটারি অথরিটি অব সিঙ্গাপুরের (এমএএস) ব্যবস্থাপনা পরিচালক রভি মেনন বলেন, ‘সিঙ্গাপুরের ব্যাংক খাত ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় যে বেশির ভাগ অর্থই এসেছে এশিয়ার বিভিন্ন দেশ থেকে। এখানকার বেসরকারি ব্যাংকে ইউরোপীয় উৎসের সম্পদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। অথচ আপনারা শুনে আসছেন যে ইউরোপ থেকে অর্থ এশিয়ায় এসে ভরে যাচ্ছে।’ সম্প্রতি সেন্ট্রাল ব্যাংকিং জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মেনন আরও বলেন, ‘একই ব্যক্তির কোনো ব্যাংক হিসাব যদি ইউরোপে বন্ধ হয়ে যায় আর সে যদি সিঙ্গাপুরে আরেকটি হিসাব খোলে, তাহলে তাকে অবশ্যই যাবতীয় বিধিবিধান পরিপালন করেই এই হিসাব খুলতে হবে। চাইলেই কেউ এখানে ব্যাংক হিসাব খুলতে পারবে না। এর মানে হলো কর ফাঁকি দিয়ে কেউ যদি অর্থ আনতে চায়, তাহলে তার জন্য সিঙ্গাপুর নয়।’
এশিয়ার, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ার, ধনাঢ্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিপুল পরিমাণ আর্থিক সম্পদ সিঙ্গাপুরে জমা হচ্ছে এবং সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা করছে। হংকংয়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোট্ট দ্বীপদেশটি এশিয়ার বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্রে রূপান্তরিত হতে চাচ্ছে। এ-ও বলা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা হিসেবে খ্যাত সুইজারল্যান্ডকেও ছাড়িয়ে যেতে পারে সিঙ্গাপুর।
অবশ্য গত দুই বছর ধরে সিঙ্গাপুর অর্থ পাচার ও কর ফাঁকি রোধের আইনে কড়াকড়ি আরোপ শুরু করেছে। এর মধ্য দিয়ে এই সংকেতই দেওয়া হচ্ছে যে অবৈধভাবে পাচার হয়ে আসা অর্থ রাখার সুযোগ এখানে দেওয়া হবে না।
জুলাই মাসেই নগর রাষ্ট্রটির কেন্দ্রীয় ব্যাংক অর্থ পাচার রোধ বিষয়ক নতুন প্রস্তাবনার খসড়া প্রকাশ করেছে। বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান এর ওপর এখন মতামত প্রদান করছে। নতুন বিধানে ব্যাংকের গ্রাহক ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান বা গ্রাহককে নিবিড়ভাবে যাচাই করার জন্য বলা হয়েছে। বিদেশ থেকে ১৫ হাজার সিঙ্গাপুরী ডলারের (প্রায় দুই হাজার মার্কিন ডলার) বেশি স্থানান্তরের ক্ষেত্রে সুবিধাভোগীর পূর্ণ তথ্য প্রদানের বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।