ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো জোন বা অঞ্চলের দেশগুলোর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশকে নিয়ে গঠিত ইউরো জোনে চলতি বছরে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে দেড় শতাংশে দাঁড়াতে পারে।
ইউরোপিয়ান কমিশন (ইসি) এই পূর্বাভাস দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সংস্থাটি ইউরো জোনে প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম কমা, ইউরোর দরপতন ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের ফলে ইউরোপের অর্থনীতিতে চাঙা অবস্থা ফিরে এসেছে। গ্রিসের অর্থনীতির বেহাল অবস্থার উন্নতি হলে এ প্রবৃদ্ধি আরও বাড়ত বলে তাঁরা মনে করেন। বিশেষজ্ঞরা বলেন, ইউরো জোনে এখন মূল্যস্ফীতি বাড়লেও নতুন কর্মসংস্থান তৈরি হবে।
আগামী ২০১৬ সালে এই অঞ্চলে প্রবৃদ্ধি আরও বেড়ে ১ দশমিক ৯ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরো জোনভুক্ত ১৯টি দেশে নতুন অর্থ সরবরাহ করায় তা দেশগুলোর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। আর ইউরোর বিনিময় হার কমে যাওয়ায় ইউরোপের রপ্তানিকারকদের জন্য তা বাড়তি সুবিধা বয়ে নিয়ে এসেছে। জ্বালানি তেলের কম মূল্য ব্যবসায় পরিচালনা খরচ কমাতে সহায়ক ভূমিকা রেখেছে।
ইসির অর্থনৈতিক, আয়কর ও শুল্কবিষয়ক কমিশনার পিয়েরে মসকোভিচি বিবিসিকে বলেন, গত কয়েক বছরের মধ্যে ইউরোপের অর্থনীতি এখন সেরা বসন্ত অতিক্রম করছে। অনুকূল বিশ্ব পরিস্থিতি ও নীতি-কৌশল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইউরোপীয় কমিশনের পূর্বাভাস, ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির প্রবৃদ্ধি এ বছর ১ দশমিক ৯ শতাংশ এবং আগামী বছর দেশটির প্রবৃদ্ধি আরও বেড়ে ২ শতাংশ হতে পারে। আর স্পেনে চলতি বছরে প্রবৃদ্ধি ২ দশমিক ৮ শতাংশ ও আগামী বছরে ২ দশমিক ৬ শতাংশ হতে পারে।
সংকটে থাকা গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশটির সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার ফলে ২০১৬ সালে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছে ইসি।
সূত্র: বিবিসি