ইউরোপ-আমেরিকা বাণিজ্য চু্ক্তির খসড়া ফাঁস
স্বাক্ষর হওয়ার আগেই টিটিপি বা ট্র্যান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ চুক্তির ২৪০ পাতার খসড়াটি ফাঁস হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস হামবুর্গে তাদের প্রধান দপ্তরে ঘটা করে সম্মেলন ডেকে চুক্তিটির খুঁটিনাটি বিষয় সাংবাদিকদের সামনে প্রকাশ করে।
পরিবেশবিষয়ক এই সংগঠন চুক্তির খসড়াটি প্রকাশ করে বলে, এটি বাস্তবায়িত হলে ইউরোপের পরিবেশ হুমকির মুখে পড়বে। সম্ভাব্য চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে গাড়ি ও ভারী যন্ত্রপাতি আমদানির বিপরীতে মার্কিন কৃষিপণ্যের অবাধ রপ্তানি ও পুঁজি বিনিয়োগ বা শুল্ক-শর্তগুলো শিথিল হবে।
২০১৩ সাল থেকে এই চুক্তির খসড়াটি নিয়ে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চুক্তিটির পক্ষে আটলান্টিকের উভয় পাশের আট কোটি ভোক্তার জন্য অনুকূল হবে বলে জানানো হচ্ছিল। তবে গত বছর থেকেই ইউরোপের নানা দেশের পরিবেশ, ভোক্তা, নাগরিক অধিকারবিষয়ক সংগঠনগুলো এই চুক্তির বিরোধিতা করে আসছে এবং তারা বলছে, এই চুক্তি বাস্তবায়িত হলে আমেরিকার জেনেটিক কৃষিপণ্যে ইউরোপের বাজার ছেয়ে যাবে এবং তা ভোক্তাদের জন্যও অনুকূল হবে না। ইউরোপের পরিবেশবান্ধব কৃষিপণ্যের যে রেওয়াজ রয়েছে, তা উৎপাদনের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে।
হামবুর্গে গ্রিনপিসের সম্মেলনে বলা হয়েছে, এই বছরের মধ্যে এই চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন সরকার ইউরোপীয় ইউনিয়নের ওপর রীতিমতো চাপ প্রয়োগ করছে এবং যা ভাবা হয়েছিল, চুক্তিটি বাস্তবায়িত হলে প্রকৃতি ও ভোক্তারা তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন।
মার্কিন প্রেসিডেন্ট সর্বশেষ জার্মান সফরকালে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিটি সম্পাদনের আহ্বান জানান। তাঁর সফরকে কেন্দ্র করে গত সপ্তাহে জার্মানির হ্যানোভারে এই টিটিপি চুক্তিবিরোধী ৯০ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।