ইনহেলার তৈরির কোম্পানি কিনতে চাইছে সিগারেট কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক শ্বাসকষ্ট নিরাময়ের ওষুধ (ইনহেলার) উৎপাদক প্রতিষ্ঠান ভ্যাকটুরা কিনতে চাইছে সিগারেট উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। ভ্যাকটুরা কিনে নিতে নিলামে ১৪০ কোটি ডলার দর হেঁকেছে মালবোরো সিগারেট তৈরির এই কোম্পানি। নিলামের এই দৌড়ে পিএমআইয়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছে যুক্তরাষ্ট্রের বেসরকারি ইকুইটি গ্রুপ কার্লাইল। ভ্যাকটুরার ৯২ কোটি ৮০ লাখ ডলার বিনিময় মূল্য প্রস্তাব করে তারা। এরপর গত রোববার পিএমআই শেয়ারপ্রতি ২ দশমিক ২৯ ডলার দর প্রস্তাব করে সর্বোচ্চ দরদাতা হয়েছে। এতে কোম্পানির মোট মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলার।

এক সপ্তাহ আগেই পিএমআই ঘোষণা দিয়েছে, তারা আগামী ১০ বছরের মধ্যে মালবোরো সিগারেট বিক্রি বন্ধ করবে। এরপর গত রোববার ভ্যাকটুরা কিনতে নিলামে দর দেয় তারা। বিশ্বের ১৭৫টি দেশে সিগারেট বিক্রি করে পিএমআই। তবে বেশ কিছুদিন ধরেই তামাকমুক্ত পণ্য বিক্রির দিকে ঝুঁকেছে তারা। আয়ের অর্ধেকই তারা তামাকমুক্ত পণ্য বিক্রির মাধ্যমে করতে চাইছে। অন্যদিকে ভ্যাকটুরা নোভারটিস গ্ল্যাক্সোস্মিথ কেইনের মতো ওষুধ কোম্পানির জন্য ১৩ ধরনের ইনহেলার তৈরি করে থাকে, যেগুলা শ্বাসকষ্ট প্রশমনে ব্যবহার করা হয়। বর্তমানে তারা কোভিড-১৯ রোগের চিকিৎসা উপযোগী ইনহেলার তৈরির চেষ্টা করছে।

পিএমআই বলছে, ভ্যাকটুরাকে তারা একটি স্বায়ত্তশাসিত ব্যবসায়িক ইউনিট হিসেবে পরিচালনা করতে চায়, যা পিএমআইয়ের শ্বাসকষ্ট নিরাময়ের ব্যবসার মেরুদণ্ড হয়ে উঠবে।

ধূমপানের বিস্তার এবং বিপদ কমাতে বিশ্বজুড়েই তামাক কোম্পানিগুলো চাপে রয়েছে। পিএমআইও তাই তামাকমুক্ত পণ্য তৈরির দিকেই ঝুঁকেছে। তামাকের ক্ষতিকারক প্রভাব কমিয়ে আনার গবেষণায় ইতিমধ্যেই তারা ৮০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া সম্প্রতি ব্যথা ও অ্যালার্জিনাশক ওষুধ তৈরি করে, এমন একটি ওষুধ কোম্পানিও কিনেছে তারা।

তবে যুক্তোষ্ট্রের স্বাস্থ্য খাতবিষয়ক বিশ্লেষকেরা তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধ কোম্পানি কিনে নেওয়ায় বিষয়টি ভালোভাবে দেখছেন না। এই ব্যবসায়িক চুক্তি বন্ধে সরকারের কাছে আরজি জানিয়েছেন তারা।