ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম
বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক সম্প্রতি আলোচনায় এসেছেন বিটকয়েন নিয়ে টুইট করে। গত রোববার সেই টুইটে মাস্ক জানান, ক্রিপটোকারেন্সি তৈরিতে নিরাপদ জ্বালানির ব্যবহার বাড়ায় টেসলা এখন বিটকয়েন ব্যবহার করবে। এই ঘোষণার পরে গতকাল সোমবার এক দিনেই বেড়ে গেছে ক্রিপটোকারেন্সি বিটকয়েনের দাম।
মাস্ক লেখেন, ‘এখন যখন বিষয়টি নিশ্চিত যে ক্রিপটোকারেন্সি প্রস্তুতকারকেরা যথেষ্ট পরিমাণ (প্রায় ৫০ শতাংশ) নিরাপদ জ্বালানি ব্যবহার করছেন, তখন টেসলাও বিটকয়েন গ্রহণ করবে।’
ভবিষ্যৎ লেনদেনে বিটকয়েন গ্রহণের ঘোষণা দিলেও ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে নিরাপদ জ্বালানি ব্যবহার কীভাবে নজরদারি করা হবে, সে বিষয়ে কোনো ধারণা ইলন মাস্ক বা তাঁর কোম্পানি টেসলা দেয়নি।
গত রোববার মাস্কের ঘোষণার পরেই ক্রিপটোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম কয়েনবেস জানায়, সোমবার সকাল নাগাদই ক্রিপটোকারেন্সির দাম ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে।
গত মার্চের শেষেই টেসলা লেনদেনে বিটকয়েন গ্রহণ শুরু করে। মে মাসে টেসলা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন স্থগিত করে। তখন মাস্ক বলেছিলেন, ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে পরিবেশের ঝুঁকি বেশি, তাই তিনি তা ব্যবহার থেকে বিরত থাকবেন।
বিটকয়েনের দাম এ বছরের শুরু থেকেই অস্থিতিশীল ছিল। কয়েনবেস জানায়, জানুয়ারিতে একটি বিটকয়েনের দাম ছিল ২৯ হাজার ৪০০ মার্কিন ডলার। এপ্রিল নাগাদ একটি কয়েনের দাম দাঁড়ায় ৬৪ হাজার ৮৯৯ মার্কিন ডলার।
মাস্ক আগে থেকেই এই দাম হ্রাস–বৃদ্ধিতে ভূমিকা রাখছিলেন। গত মে মাসে মাস্কের ক্রিপটোকারেন্সি বর্জনের ঘোষণা পর দাম ১২ শতাংশ কমে যায়।
কয়েনবেস বলছে, মাস্কের ঘোষণার পরে বিটকয়েন ছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। ইথেরামের দাম বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ, ডজকয়েনের দাম বেড়েছে ৫ শতাংশ।