উচ্চ আয়ের দেশ থেকে রাশিয়া ও ভেনেজুয়েলার অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে অবনমন ঘটেছে রাশিয়া ও ভেনেজুয়েলার। আর নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এশিয়ার দেশ কম্বোডিয়া।
মাথাপিছু জাতীয় আয়ের (জিএনআই) ভিত্তিতে গত শুক্রবার বিশ্বব্যাংক ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম গত এক বছরে ব্যাপকভাবে কমে যাওয়ায় রাশিয়া ও ভেনেজুয়েলার আয় অনেক কমে গেছে। এটিই দেশ দুটির অবনমনের প্রধান কারণ।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছর নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া বাংলাদেশ একই অবস্থানে আছে। যেসব দেশের বার্ষিক মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ১২ হাজার ৭৩৬ ডলার, সেগুলো মধ্যম আয়ের দেশ। এর মধ্যে আবার যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ থেকে ৪ হাজার ১২৫ ডলার পর্যন্ত, সেগুলো নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত। আর মাথাপিছু আয় ৪ হাজার ১২৬ থেকে ১২ হাজার ৭৩৬ ডলার হলে সেই সব দেশকে বলা হয় উচ্চ মধ্যম আয়ের দেশ। এর চেয়ে বেশি মাথাপিছু জাতীয় আয়ের দেশগুলোকে বলা হয় উচ্চ আয়ের দেশ।
বিশ্বব্যাংক ‘এটলাস মেথড’ নামের বিশেষ এক পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে। একটি দেশের স্থানীয় মুদ্রায় মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তরিত করা হয়।