উজবেকিস্তানে অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম তুলা উৎপাদনকারী দেশ উজবেকিস্তানে তুলা চাষে ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষকে বাধ্যতামূলকভাবে কাজ করতে হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এত দিন বাইরে থেকে এর প্রতিবাদ করে এলেও এবার দেশটির ভেতর থেকেই প্রতিবাদ উঠেছে। অভিনব প্রতিবাদটি এসেছে শিক্ষার্থীদের মধ্য থেকে।
জোর করে তুলা চাষে কাজ করানোর বিরুদ্ধে অভিযোগ করে উজবেকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গত সপ্তাহে দেশটির বিরোধী দল দুনিয়ো উজবেকলারির ওয়েবসাইটে দেশটির স্বৈরাচারী সরকারের নেতাদের উদ্দেশ করে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাভকাত মির্জিয়োয়েভসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানের বরাবর চিঠিটি দেওয়া হয়। নির্যাতনের ভয়ে নাম প্রকাশ না করে শিক্ষার্থীদের চিঠিটি প্রকাশ করা হয়।
ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়, ‘উজবেকিস্তানের আইন কি তুলা চাষে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কাজ করাকে দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছে?’ এর উত্তরও তাঁরা দিয়েছেন এভাবে, ‘অবশ্যই না।’ ১৩ নভেম্বর এমনই এক খবর প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান।
তুলা উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর একটি উজবেকিস্তান। এ মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থার (ইউএসডিএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে ৪০ লাখ বেল তুলা উৎপাদিত হতে পারে।
উৎপাদনকারী দেশের পাশাপাশি উজবেকিস্তান তুলার বড় রপ্তানিকারী দেশও। দেশটির উৎপাদিত তুলার একটি বড় অংশ আমদানি করে বাংলাদেশ।
বাংলাদেশে এখন ৪২ থেকে ৪৩ লাখ বেল তুলার চাহিদা রয়েছে। এর মধ্যে গত ২০১৩-১৪ উৎপাদন মৌসুমে দেশে এক লাখ ৪৪ হাজার বেল তুলা উৎপাদিত হয়। চাহিদার তুলনায় উৎপাদন নগণ্য হওয়ায় দেশের বস্ত্র খাতের চাহিদা মেটাতে ভরসা আমদানি করা তুলা।
বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন বলছে, আমদানি করা তুলার ৩৯ শতাংশ ভারত এবং ২১-২২ শতাংশ উজবেকিস্তান থেকে আসে। সে হিসাবে, ৮ থেকে ১০ লাখ বেল তুলা আমদানি হয় উজবেকিস্তান থেকে।
তুলা চাষে জোর করে শিক্ষার্থীদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিকারকেরা আমাদের জানিয়েছেন, তিন-চার বছর ধরে তাঁরা তুলা চাষে শিশুশ্রম ও শিক্ষার্থীদের ব্যবহার করেন না। এখন তাঁরা যন্ত্রের মাধ্যমে তুলা তুলছেন। ফলে এ কাজে লোকবলও কম লাগে। বিষয়টি আমরা এ রকমই জানি।’
ইউএসডিএর প্রতিবেদনে পূর্বাভাস করা হয়েছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৪৪ লাখ ৫০ হাজার বেল তুলা আমদানি করতে হতে পারে। সে ক্ষেত্রে এ বছরও তুলা আমদানির বড় উৎস হবে উজবেকিস্তান। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারী দেশ। প্রথম দেশ হচ্ছে চীন, বছরে আমদানি করে ৭০ লাখ বেলের বেশি তুলা।
গার্ডিয়ান-এর খবরে বলা হয়, তুলা উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা মেটাতে উজবেকিস্তানে বড় ভূমিকা রাখেন জোর করে কাজ করানো শিক্ষক-শিক্ষার্থীরা। কৃষকদের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের কাজ করতে হয়। প্রতিবছর প্রায় ১০ লাখ লোককে এভাবে জোর করে তুলা চাষে কাজ করতে হয়।
শিক্ষার্থীদের খোলা চিঠিতে অভিযোগ করা হয়, যেসব শিক্ষার্থী তুলা চাষে কাজ করতে চান না, তাঁদের তিন লাখ উজবেক সুম বা ১২৫ ডলার দিয়ে রেহাই পেতে হয়। এই অর্থ দিয়ে সে দেশে একজন শিক্ষার্থী দুই মাস ভালোভাবে চলতে পারেন।
যুক্তরাষ্ট্রে শ্রম সংস্থার গত মাসে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, উজবেকিস্তানে এখনো তুলা চাষে শিশুশ্রম বন্ধে কার্যকর অগ্রগতি হয়নি। তবে ভিন্ন কথা বলছে আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও)। সংস্থাটির বিশেষজ্ঞ হারি তালিগা বলেছেন, এ বিষয়ে উজবেকিস্তানে বেশ অগ্রগতি হয়েছে। আইএলওর সহযোগিতায় এ বছর উজেবেক সরকার শিশুশ্রম তদারকির কাজ শুরু করেছে। তারা ১৮ বছরের কম বয়সী শিশুদের তুলা চাষে কাজ করানোর ৪৯টি ঘটনা খুঁজে পেয়েছে এবং এর সঙ্গে জড়িত চাষি এবং কলেজের পরিচালকদের এক কোটি ২০ লাখ সুম জরিমানা করেছে।