উঠে আসছে আফ্রিকার মধ্যবিত্তরা

সময়টা বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। স্থানটা দূরপ্রাচ্যে। ‘পূর্ব এশিয়ায় বাঘ’ হিসেবে উঠে আসতে শুরু করে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর। এই দেশগুলোর তর তর করে বেড়ে চলা অর্থনৈতিক সমৃদ্ধি নজর কেড়ে নেয় গোটা বিশ্বের। দ্রুত শিল্পায়ন ও রপ্তানির মাধ্যমে উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আর ভোক্তাদের উত্তরোত্তর বেড়ে চলা চাহিদায় দেশগুলো একুশ শতকে পা দেওয়ার আগেই পৌঁছে যায় ধনী দেশগুলোর কাতারে।
আজকে গোটা সাব-সাহারা আফ্রিকা অঞ্চলজুড়ে অনেকটা সেরকমভাবেই চাঙা হয়ে ওঠা ভোক্তা চাহিদা যেন অর্থনীতিগুলোকে ধাবিত করছে। গোটা আফ্রিকা মহাদেশের প্রায় ৮০ শতাংশ এলাকা অন্তর্ভুক্ত রয়েছে সাব-সাহারা আফ্রিকায়। পশ্চিম সাহারা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সুদান বাদে অন্য সব দেশকেই সাব-সাহারা আফ্রিকা গণ্য করা হয়।
অনেকেই আশা করছেন যে আগামী দিনে আফ্রিকার এই এলাকা এশিয়ার চার বাঘের মতো সাফল্যের মুখ দেখবে আগামী কয়েক বছরের মধ্যেই। বেশ কয়েক বছর ধরে নিরবচ্ছিন্ন অর্থনৈতিক সম্প্রসারণ ঘটানোর পর আফ্রিকার সরকার, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ সবাই এখন মহাদেশটির দ্রুত বর্ধিষ্ণু ক্রেতা ও শ্রমজীবীদের অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।
বিষয়টি খোলাসা করা যাক। এ বছরের মে মাসে প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (আফডিবি) প্রক্ষেপণ করেছে যে এ বছর আফ্রিকায় বিদেশি বিনিয়োগ ৮০ বিলিয়ন (আট হাজার কোটি) ডলারে উন্নীত হবে। এর বড় অংশই যাবে শিল্প উৎপাদনে, শুধু খনি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণে নয়। এর মানে হলো, এখানে প্রস্তুতকৃত পণ্যের চাহিদা বাড়ছে।
তৈরি পোশাকের বিখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম এ বছরই তাদের প্রথম শো-রুম খুলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। কেনিয়ায় গত বছর হোন্ডা তাদের তৃতীয় সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) খুলেছে। আফ্রিকাজুড়ে বিয়ারের তৃষ্ণা মেটাতে হ্যানিকেন ৭০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ইথিওপিয়ায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ করে যাচ্ছে চীনা জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াজিয়ান।
অবশ্য আফ্রিকায় প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে বৈষম্যও বাড়ছে। কোটি কোটি মানুষ এখনো চরম দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে প্রত্যহ দাঙ্গা-সহিংসতা জীবনযাপনকে অনিশ্চিত করে রেখেছে। কিন্তু এসবের মধ্য দিয়েও আফ্রিকায় মধ্যবিত্তের দ্রুত উত্থান ঘটছে।
আফ্রিকায় যেহেতু দ্রুত বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা, সেহেতু আরও বেশি করে প্রয়োজন ভোগ্যপণ্য। প্রয়োজন বিলাসপণ্যও। আর তাই সেনেগালের রাজধানী ডাকারে জাপানি খাদ্য সুশি রেস্তোরাঁ কিংবা রুয়ান্ডার রাজধানী কিগালিতে নয়নাভিরাম কফি শপ তারই প্রতিফলন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কৃষ্ণাঙ্গ মধ্যবিত্তরা এখন শ্বেতাঙ্গ মধ্যবিত্তদের চেয়ে বেশি অর্থ খরচ করে।
অথচ দশকের পর দশক ধরে বর্ণবাদী আমলে পিছিয়ে থাকা ও অবহেলিত কালো মানুষেরা তাদের সীমিত আয়-ব্যয় করত সাবান, লবণ ও দুধ কিনতে। সেই সময় পাল্টেছে।
২০১১ সালে আফডিবির ‘আফ্রিকা রাইজিং’ প্রচারণা ব্যাপক বিতর্ক ও আলোচনা তৈরি করে। সেই সময় ব্যাংকটির এক প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় মধ্যবিত্তের সংখ্যা ১৯৮০ সালের ১২ কোটি ৬০ লাখ থেকে ২০১০ সালে ৩৫ কোটিতে উন্নীত হয়েছে। তবে ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) হিসেব দিয়ে বলেছিল যে ২০১০ সালে আফ্রিকার মধ্যবিত্ত মাত্র তিন কোটি ২০ লাখ, যা কিনা কানাডার জনসংখ্যার সমান।
মধ্যবিত্ত কে, তা নিয়ে অবশ্য বিতর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শহরতলিতে সাদা কাঠের বেড়া দেওয়া বাড়ি ও গ্যারেজে একটি গাড়ি হলো মধ্যবিত্তের সনাতন পরিচয়। আর আফডিবি দৈনিক দুই ডলার বা তার বেশি উপার্জনকারীকে আফ্রিকার মধ্যবিত্ত হিসেবে গণ্য করছে।
আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে ঋণ নিচ্ছে আফ্রিকার দেশগুলো। সন্ত্রাসী হামলা সত্ত্বেও এপ্রিল মাসে কেনিয়া ২০০ কোটি ডলারের বন্ড ছেড়েছে। তার আগের মাসে জাম্বিয়া ছেড়েছিল ১০০ কোটি ডলারের বন্ড। ১৯৯৫ সালে সাব-সাহারা আফ্রিকা থেকে ছয় হাজার ৮০০ কোটি ডলার রপ্তানি হয়েছিল। আর ২০১২ সালে তা ৪০ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার কোটি ডলার এসেছে তেল, মূল্যবান ধাতু ও হীরক রপ্তানি থেকে। অ্যাঙ্গোলা দৈনিক ১৮ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে। আর তাই দেশটির রাজধানী লুয়ান্ডায় দেখা মেলে অনেকগুলো বাহারি বুটিক দোকানের।
নিম্ন-মধ্যবিত্ত থেকে দ্রুত মধ্যবিত্ত হয়ে ওঠার মধ্যেই আফ্রিকার আগামী দিনের ভবিষ্যৎ বলে মনে করছেন কনসালটেন্সি প্রতিষ্ঠান কানব্যাক অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক স্টেফান কানব্যাক। দুই দশক ধরে আফ্রিকায় থাকার অভিজ্ঞতা থেকে তিনি মধ্যবিত্ত বলতে বোঝান সেই সব ব্যক্তিকে, যাঁর কিনা ডিটারজেন্টের ছোট একটি প্যাকেট বা ব্র্যান্ড নামধারী জুতা কেনার মতো বাড়তি অর্থ হাতে থাকে।
‘আপনি এখনো অ্যাঙ্গোলাতেও মধ্যবিত্ত দেখতে পাবেন।’ বললেন কানব্যাক। ‘অবশ্যই তাঁদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু খুব অল্প কিছু ব্যক্তি বা পরিবারের হাতেই বেশির ভাগ অর্থবিত্ত, এটি এখন আর সত্যি নয়।’
সূত্র: নিউইয়র্ক টাইমস