উত্তর কোরিয়ায় বাড়ছে বার্গার ও বিএমডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ংইয়ংয়ের মুনসু ওয়াটার পার্ক l ছবি: এফটি
পিয়ংইয়ংয়ের মুনসু ওয়াটার পার্ক l ছবি: এফটি

পিয়ংইয়ংয়ের মুনসু ওয়াটার পার্কে অবস্থিত ফাস্ট ফুড বারে একটি বার্গার বিক্রি হয় ১০ হাজার উত্তর কোরীয় ওনে বা ৭৬ ডলারে। এটি দেশটির একজন সাধারণ শ্রমিকের মাসিক মজুরির তিন থেকে পাঁচ গুণ বেশি।
দেশটির খুব কম মানুষের পক্ষেই তাই এই বার্গার কিনে খাওয়া সম্ভব। তবে কিছু মানুষের পক্ষে যে সম্ভব, তা স্পষ্ট। তাঁদেরই একজন রিয়াঙ গুয়াঙ জিম। খাবারের দোকানসংলগ্ন ব্যালকনিতে বন্ধুর সঙ্গে বসে তিনি বিয়ার পান করছিলেন। অদূরের সুপ্রশস্ত সুইমিংপুলের পানিতে দাপাদাপি করতে থাকা নারী-পুরুষেরা যেন তাঁর দৃষ্টিসীমায় ধরা পড়ছিল না। এরা অনেকেই ক্ষুব্ধ যে ২০ হাজার ওন দিয়ে টিকিট কেটে ওয়াটার পার্কে প্রবেশ করতে হয়েছে।
পেশায় ট্রাকচালক রিয়াঙকে অবশ্য এই চড়া প্রবেশমূল্যে টিকিট কেটে ওয়াটার পার্কে প্রবেশ করায় তেমন উত্তেজিত দেখাল না।
ফাইনান্সিয়াল টাইমস-এর সাংবাদিক সাইমন মুন্ডি পাঁচ দিনের জন্য উত্তর কোরিয়া সফরকালে এমন কিছু অভিজ্ঞতাই অর্জন করেছেন। তিনি জানেন না যে মুনসু পার্কে কতজন পুরো মূল্য দিয়েই প্রবেশ করেছে। তবে এটা বোঝা গেছে যে নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক দেশটির জীবনযাত্রায় বেসরকারি অর্থনীতি ক্রমেই জায়গা করে নিচ্ছে।
নব্বইয়ের দশকের ভয়াবহ দুর্ভিক্ষের পর দেশটিতে অনানুষ্ঠানিক বা কালোবাজার বিস্তার লাভ করে, যা দেশটির বেশির ভাগ মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে ওঠে। আর এই কালোবাজারের কারণেই আনুষ্ঠানিক বিনিময় হারের সঙ্গে বিরাট ব্যবধান দেখা যায়। সরকারিভাবে প্রতি ডলারের জন্য ১৩২ ওন গুণতে হয় বলেই মুনসু পার্কের প্রবেশমূল্য অনেকের কাছে তেমন চড়া নয়। অথচ কালোবাজারে এক ডলারের বিনিময়ে আট হাজার ওন মিলে।
সফরকারী সাংবাদিকের চলাচল সীমিত ছিল রাজধানী শহরেই। দেখানো হয়েছে চীনের সহযোগিতায় চলমান নির্মাণযজ্ঞ। দুই দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্য এখন ৬৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। আর তাই সাধারণ মানুষের জীবনযাত্রা দেখার সুযোগ হয়নি তাঁর। অথচ আড়াই কোটি মানুষের দেশটিতে হাজার হাজার নাগরিক রাজনৈতিক বন্দিশিবিরে বছরের পর বছর আটক আছে আর নির্যাতিত, ধর্ষিত ও নিহত হচ্ছে। এ-সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন যথারীতি অস্বীকার করেছে পিয়ংইয়ং সরকার।
বাস্তবতা হলো, উত্তর কোরিয়ার বেশির ভাগ মানুষ কঠিনতর জীবন যাপন করছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) হিসেব অনুসারে মাত্র ১৬ শতাংশ মানুষ ‘গ্রহণযোগ্য মাত্রায় খাদ্য’ গ্রহণ করতে পারে। উত্তর কোরিয়ার মানুষ দৈনিক প্রয়োজনীয় দুই হাজার ১০০ ক্যালরির চেয়ে গড়ে ৩০ শতাংশ কম খাদ্যশক্তি গ্রহণ করে। পুষ্টিজনিত সমস্যায় সীমান্তের ওপারে সিউলের মানুষের তুলনায় পিয়ংইয়ংয়ের মানুষ খর্বাকৃতির।
কিন্তু রাজধানী শহরে বেশির ভাগ মানুষের হাতেই মোবাইল ফোন দেখা যায়, যদিও এর ন্যূনতম মূল্য ২০০ ডলার। কয়েক বছর আগেই চীনে নির্মিত সেটের আধিক্য থাকলেও এখন উত্তর কোরীয় সেট সে জায়গা নিয়ে নিচ্ছে। এরির্যাং ব্র্যান্ডের এই সেট অবশ্য চীনা সেটেরই নকল।
আবার পিয়ংহয়া মোটরস দেশটির মোটরগাড়ির নিজস্ব ব্র্যান্ড হয়ে উঠেছে। রাজধানীতে এটার বিলবোর্ডই একমাত্র বাণিজ্যিক বিলবোর্ড। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত। চীন থেকে গাড়ি নির্মাণের লাইসেন্স নিয়েছে।
পিয়ংহয়া উত্তর কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় মোটরগাড়ি হলেও সেখানকার রাজপথে জাপানি গাড়ি বাড়ছে। দেখা মেলে পুরোনো মডেলের ফক্সওয়াগন ও মার্সিডিজ সেলুনের। তবে সবকিছু ছাপিয়ে বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি যখন শহরের কেন্দ্রে কোনো রেস্তোরাঁর সামনে দেখা যায়, তখন অবাক হওয়ার কিছু থাকে না। কেননা, কিছু মানুষের হাতে ভালো পরিমাণ অর্থ রয়েছে।
পরিবর্তনের এই ধারার মধ্যেও প্রবলভাবে বিরাজমান রয়েছে কিম বংশধারার প্রতি প্রবল শ্রদ্ধাবোধ টিকিয়ে রাখার প্রয়াস। বর্তমান নেতার পিতা ও পিতামহের প্রতিকৃতি সর্বত্র প্রদর্শিত হচ্ছে। এমনকি কোিরয়াবাসীর পোশাকের বুকে পিন দিয়ে গাঁথা থাকছে।
লক্ষণীয় বিষয় হলো, ৩১ বছর বয়সী প্রেসিডেন্ট কিম জং উনের ছবি এভাবে প্রদর্শিত হয় না। তবে প্রতিদিন সকালে রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা রডঙ সিনমুন-এ ছবি সহযোগে তাঁর কর্মকাণ্ডের বিবরণী উত্তর কোরিয়াবাসীর সামনে হাজির করে।
পিতা কিম জং ইলের দানবীয় ভাবমূর্তির বিপরীতে জং উন নিজেকে একজন কর্মমুখী ও উদ্যমী যুবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। শিগগিরই তিনি ক্ষমতায় আহরণের তৃতীয় বছর পূর্ণ করবেন। খেলাধুলাকে বেশ গুরুত্ব দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ড্যানিস রডম্যানকে দুবার আমন্ত্রণ জানিয়েছেন। খুলেছেন একটি বিলাসবহুল স্কি রিসোর্ট।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস