এফআইসিসিআইয়ের মধ্যাহ্নভোজ সভায় মার্কিন রাষ্ট্রদূত
উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে আঞ্চলিক যোগাযোগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করে, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সই করা চুক্তিগুলো দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি ইতিবাচক দিক নির্দেশ করেছে।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সভায় তিনি ছিলেন প্রধান বক্তা। বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক করিডোরের (আইপিইসি) মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়তা করতে চান। কারণ এ অঞ্চলে ১৯০ কোটি মানুষের বাস এবং সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ চার লাখ ৩০ হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার জ্বালানির বাজার উন্নয়নে কাজ করছে উল্লেখ করে বার্নিকাট এ সময় বলেন, এ ধরনের উদ্যোগের ফলে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ হবে। নেপাল এবং ভুটানে বিশাল জলবিদ্যুৎ সম্পদ রয়েছে, যেখান থেকে আরও বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সড়ক, রেল ও বন্দর যোগাযোগের সীমাবদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন বার্নিকাট। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আজ (সোমবার) যে মোটরযান চুক্তি সই হচ্ছে তাতে এসব চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা থাকবে বলে আশা করেন তিনি।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য এখন ৬৪০ কোটি ডলারের। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫৩০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। আর আমদানি করে ১১০ কোটি ডলারের পণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্যের এই তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা কি এর পরিমাণ বাড়াতে পারি? উত্তরটি হবে, হ্যাঁ। ঢাকায় আমার মেয়াদকালেই একে বাস্তবে পরিণত করতে যেকোনো সহায়তা দিতে রাজি।’
সভায় রাষ্ট্রদূতের উদ্দেশ্যে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম প্রশ্ন করেন, নেপাল ও ভুটান জলবিদ্যুতে অনেক এগিয়ে গেছে। এই খাতে বিনিয়াগে অনেক পুঁজির প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে কি না? জবাবে বার্নিকাট বলেন, ‘আমাদের এ বিষয়ে সরাসরি কিছু করার নেই। আমরা সাইডলাইনে থেকে সহায়তা করতে পারি।’
প্রশ্নোত্তর পর্ব শেষে বার্নিকাট উপস্থিত ব্যবসায়ীদের প্রশ্ন করেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রধান সমস্যা কোনটি? দুজন উত্তর দেন, অবকাঠামো ও সুশাসন। তখন রাষ্ট্রদূত বলেন, জ্বালানিকে কেউ বড় সমস্যা মনে করেন না। তখন পাশে থাকা এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী তাঁকে জানান, গ্যাস-বিদ্যুৎ অবকাঠামোর অংশ ধরা হয়। নীতিনির্ধারণী পর্যায়ে এসব সমস্যা নিয়ে আলোচনা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
এর আগে রূপালী চৌধুরী একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বড় সমস্যা হলো অনুন্নত অবকাঠামো, আমলাতন্ত্র, দুর্নীতি, অর্থায়ন পেতে সমস্যা।