উৎপাদনশীল সম্পদে নারীর পূর্ণ সুযোগ থাকা উচিত
অধিগ্রহণ, উত্তরাধিকারসূত্রে প্রাপ্তি এবং সরকারি নীতি সহযোগিতার মাধ্যমে অর্থায়ন, প্রযুক্তির ব্যবহার, বাজার সম্পর্কে ধারণা, সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ ইত্যাদি উৎপাদনমুখী সম্পদে নারীদের পূর্ণ সুযোগ থাকা উচিত।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গত মঙ্গলবার কেনিয়ার নাইরোবিতে আঙ্কটাডের মন্ত্রী পর্যায়ের ১৪তম সম্মেলনে ‘অর্থনৈতিক পরিবর্তনের প্রভাবক হিসেবে নারী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে এমন¯মন্তব্য করেন। তিনি বলেন, বাজার, উৎপাদনশীলতা ও আয়ের সঙ্গে নারীর যোগাযোগ বৃদ্ধির জন্য কৃষি থেকে অ-কৃষি খাতে শ্রম স্থানান্তর প্রয়োজন। এতে শ্রম ও উৎপাদনমুখী বাজারের মধ্যে বিদ্যমান জেন্ডার বা নারী-পুরুষের বিভাজন কমানো সহজ হবে।
বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে জাতিসংঘের শীর্ষ সংস্থা আঙ্কটাড তার কর্মকৌশল ও কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য প্রতি চার বছর অন্তর এই সম্মেলনের আয়োজন করে থাকে। সে অনুযায়ী গত ১৭ জুলাই থেকে নাইরোবিতে এবারের সম্মেলন শুরু হয়, যা আগামীকাল শুক্রবার শেষ হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতিসংঘের নেওয়া উন্নয়ন এজেন্ডা ২০৩০-এ নারীদের প্রতি বৈষম্য নিরসনে আইন ও বিধি সংস্কারের আহ্বান জানানো হয়েছে, যাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত হয়।
আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিতুয়ি বলেন, স্বল্পোন্নত দেশসমূহে (এলডিসি) কর্মজীবী নারীদের চার ভাগের তিন ভাগই কৃষি খাতে নিয়োজিত এবং খাদ্যনিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে তাঁরা মুখ্য ভূমিকা পালন করছেন। তারপরও তাঁরা নিম্ন উৎপাদনশীলতা ও নিম্ন মজুরির মতো জেন্ডারভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছেন।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইথিওপিয়ার নারী ও শিশুবিষয়ক মন্ত্রী জেনেবু তাদেসে, নেপালের বাণিজ্যমন্ত্রী জয়ন্ত চাঁদ, ফিজির বাণিজ্য ও পর্যটনবিষয়ক মন্ত্রী ফায়াজ সিদ্দিক, উগান্ডার বাণিজ্য, শিল্প ও সমবায়মন্ত্রী এমেলিয়া কেমবাদে এবং কেনিয়ার কৃষি ও পশুসম্পদমন্ত্রী উইলি বেট।