ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়া ফিরে পেয়ে উচ্ছ্বসিত টাটা গোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে টাটার ঘরে ফিরল এয়ার ইন্ডিয়া। গত বৃহস্পতিবার সম্পন্ন হলো হস্তান্তরের প্রক্রিয়া। সাত দশক পর এয়ার ইন্ডিয়া ফিরে পেয়ে উচ্ছ্বসিত টাটা গোষ্ঠীও।
এই হস্তান্তরের পর প্রথম উড়ানে পাইলট যাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ পথ পরিক্রমায় আপনাদের স্বাগত।’ অন্যদিকে টাটার চেয়ারম্যান এম চন্দ্রশেখরণ টাটার কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘পুরো জাতি এখন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কী অর্জন করতে পারি, তা দেখতে মুখিয়ে আছে তারা। জাতি যে ধরনের বিমান পরিষেবা চায়, তা গড়ে তুলতে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’

গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি রুপির বিনিময়ে টাটা গোষ্ঠীর টালাস প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পর থেকেই শুরু হয়ে যায় বিক্রির সঙ্গে যুক্ত অন্যান্য প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার ইন্ডিয়া স্যাটসের (‘গ্রাউন্ড হ্যান্ডেলিং’ বা উড়ান বাদে অন্যান্য বিষয় সামলানো হয় যে সংস্থাকে দিয়ে) ৫০ শতাংশ শেয়ারও টালাস প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার শেষ হলো ১০০ শতাংশ শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া এবং সেই সঙ্গে পরিচালনক্ষমতা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলো টাটা গোষ্ঠীর হাতে। এয়ার ইন্ডিয়া নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে মোদি সরকারের লেনদেন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।

হস্তান্তরের দিন টাটার চেয়ারম্যানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন। এই ঘটনা থেকেই স্পষ্ট, এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণে ভারত সরকার স্বস্তি বোধ করছে। অর্থাৎ উভয় পক্ষই এতে খুশি।

ভারত সরকারের হাতে থেকে যাওয়া সংস্থার বিমানবহির্ভূত স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ হাজার কোটি রুপি মূল্যের এবং বিক্রি বাবদ পাওয়া অর্থের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি রুপি—সংস্থার বাকি ১৮ হাজার কোটি রুপি ঋণের দায় বহন করতে টাটা গোষ্ঠী রাজি হয়েছে। এরপরও যে ৪৪ হাজার কোটি রুপি বাকি থাকে, তা মেটানোর দায়িত্ব এমনভাবে পালনের বন্দোবস্ত হয়েছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই এই লেনদেনে খুশি রাখার বন্দোবস্ত সাম্প্রতিক ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এয়ার ইন্ডিয়া ১৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষতির বোঝা বহন করে আসছে। এমন উদাহরণ সরকারের অন্য অনেক কোম্পানি বা সংস্থারই রয়েছে, কিন্তু তারা কেউই এয়ার ইন্ডিয়ার ধারেকাছে নেই। সংস্থাটির সামগ্রিক ক্ষতির পরিমাণ ৮০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে—দৈনিক ক্ষতির পরিমাণ ২০ কোটি রুপি।

এই পরিসংখ্যানের দিকে তাকিয়ে রাষ্ট্রায়ত্ত শিল্পের পক্ষপাতী অতি গোঁড়া মানুষেরাও হয়তো মনে করবেন, এয়ার ইন্ডিয়া এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যা থেকে উত্তরণ একরকম অসম্ভব। তাদের ধস যে অনিবার্য, তা নিশ্চিত। তার সঙ্গে আছে বিমানবন্দরগুলোর পরিসরশূন্যতা, শতাধিক বিমানের জরাজীর্ণ দশা ইত্যাদি সমস্যা।

বর্তমানে ভারতের বিমানবন্দরগুলোতে ৪ হাজার ৪০০টি ঘরোয়া এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক ল্যান্ডিং ও পার্কিং স্লট এয়ার ইন্ডিয়ার সরাসরি নিয়ন্ত্রণে আছে। দুনিয়াজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৯০০টি এমন স্লট এয়ার ইন্ডিয়ার হাতে আছে। এখন টাটা গোষ্ঠীর হাতে যাওয়া এয়ার ইন্ডিয়ার মোট ১৪১টি বিমান আছে। তার মধ্যে ৪২টি বিমান চুক্তির ভিত্তিতে অন্য জায়গা থেকে নেওয়া এবং ৯৯টি বিমান তাদের নিজেদের।

এর মধ্যেই বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা গোষ্ঠী। সময়ানুবর্তিতা বজায় রাখাকে মূল উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করে বিমানশিল্পের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের আনা হয়েছে পরিচালনা পর্ষদে।

ভারতের টাটা গোষ্ঠীর ব্যবসায়িক ইতিহাস অনেক পুরোনো। তারা যেখানে হাত দিয়েছে, সেখানেই কমবেশি সোনা ফলেছে, কিন্তু এবার এক ঋণজর্জরিত সরকারি সংস্থা কিনে কোন জাদুমন্ত্রে তাকে লাভের খাতায় নিয়ে আসে, সবাই এখন তা দেখার অপেক্ষায়।