বন্দরের সক্ষমতা বৃদ্ধি
এ বছর বৈশ্বিক চাল রপ্তানির অর্ধেক করবে ভারত
বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশটি এ বছর ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করতে পারে।
এ বছর বিশ্বের মোট চাল রপ্তানির প্রায় অর্ধেকই ভারত থেকে হতে পারে। সম্প্রতি দেশটি বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করেছে। আর তাতেই এমনটা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। ভারতের চাল মূলত আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রপ্তানি হয়।
ভারতের চালের ব্যবসাপ্রতিষ্ঠান ওলাম ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট নিতিন গুপ্ত বলেন, বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশটি এ বছর ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করতে পারে, যা পরবর্তী ৩ রপ্তানিকারক দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম ও পাকিস্তানের মোট রপ্তানির চেয়ে বেশি হতে পারে। স্থায়ী ক্রেতাদের বাইরে এ বছর চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ ভারতের কাছ থেকে চাল কিনছে।
গত বছর ভারত আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি চাল রপ্তানি করেছে, যার পরিমাণ ১ কোটি ৪৭ লাখ টন। আর বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি রেকর্ড ৭৭ শতাংশ বেড়েছে, যার পরিমাণ ৯৭ লাখ টন।
চলতি বছর বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে ১ কোটি ৮০ লাখ টন হতে পারে। তবে নিতিন গুপ্তের ভাষ্যমতে, সবচেয়ে উন্নত মানের চাল বাসমতীর রপ্তানি স্থিতিশীল থাকবে—৪০ লাখ টন।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে বলা হয়, চলতি ২০২১-২২ অর্থবছরে বিশ্বে ৪ কোটি ৮৫ লাখ টন চাল রপ্তানি হবে।
যত বাধা লজিস্টিকে
এ বছরের মার্চ থেকে বিশ্বে চালের চাহিদা ব্যাপক বাড়লেও থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় ভারতের চালের দাম কমেছে। এদিকে সীমিত অবকাঠামোর কারণে ভারতের চাল রপ্তানির প্রধান বন্দর কাকিনাদা অ্যাঙ্কোরেজে গত বছর ব্যাপক জট তৈরি হয়। ওই সময় জাহাজে চাল তুলতে দীর্ঘ সময় লেগে যেত। তাই অনেক ক্রেতা অন্য দেশের দিকে ঝুঁকে পড়ে।
চাল রপ্তানিকারক ব্রাহ্মনন্দা গুদিমেতলা বলেন, এসব ক্রেতাকে ফিরিয়ে আনতে ভারত অন্যান্য রপ্তানিকারক দেশের তুলনায় প্রতি টনে ১০০ ডলারের বেশি ছাড় দেয়। কিন্তু বন্দর বিলম্বের কারণে ক্রেতা ব্যবসায়ীদের যে বিপুল আর্থিক ক্ষতি গুনতে হয়, তাতে ওই ১০০ ডলারের ছাড় পেয়েও তেমন লাভ হয়নি।
জট কমাতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কাকিনাদা বন্দরের পার্শ্ববর্তী একটি গভীর সমুদ্রবন্দর চাল–বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়।
রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি বি ভি কৃষ্ণ রাও বলেন, ‘গভীর সমুদ্রবন্দর দিয়ে চাল রপ্তানি শুরু হওয়ার পর জাহাজের অপেক্ষার সময় অনেকটাই কমেছে। ফলে যেসব ক্রেতা অন্য দেশে যেতে পারত, তারা আমাদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে।’
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৭ মাসে দেশটি থেকে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার টন চাল রপ্তানি হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় তা ৬৫ শতাংশ বেশি। রপ্তানি প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে চায় দেশটি।
কাকিনাদা সিপোর্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এম মুরালিধর বলেন, এ বছর গভীর সমুদ্রবন্দর দিয়ে অন্তত ১০ লাখ টন চাল রপ্তানি হতে পারে।
অতিরিক্ত বন্দর সক্ষমতা থাকার পরও চাল রপ্তানিসংক্রান্ত অবকাঠামোর ঘাটতি থাকার কারণে কাকিনাদায় জাহাজে মাল বোঝাইয়ের হার দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্দরগুলোর তুলনায় কম।
এ মাসে কাকিনাদা বন্দরে চাল বহনকারী একটি জাহাজের ক্যাপ্টেন ফাহিম শামসি বলেন, কাকিনাদায় একটি জাহাজ নোঙর করার পর ৩৩ হাজার টন চাল তুলতে প্রায় ১ মাস সময় লেগে গেছে। অথচ একই পরিমাণ চাল বোঝাই করতে থাইল্যান্ডের লাগে ১১ দিন।