এ বছর যুক্তরাষ্ট্রকে সুদহার না বাড়ানোর পরামর্শ আইএমএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মার্কিন যুক্তরাষ্ট্রকে চলতি বছরে নীতিনির্ধারণী সুদহার না বাড়ানোর পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্লেষণ করে আইএমএফ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে বলেছে, ২০১৬ সালের আগ পর্যন্ত সুদহার বাড়ানো ঠিক হবে না। এখন সুদহার বাড়ানো হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
অনেক অর্থনীতিবিদ মনে করেন, আগামী সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় ও প্রবৃদ্ধি কমে যাওয়ায় এ বছর সুদহার বাড়ানোর সিদ্ধান্ত থেকে ফেডারেল রিজার্ভ পিছু হটতে পারে বলেও মনে করেন কেউ কেউ।
আইএমএফের মতে, এখন সুদহার বাড়ানো হলেও মার্কিন ডলারের বিনিময় হার আরও বাড়বে। গত এক বছরে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য বেড়েছে প্রায় ২০ শতাংশ। ডলারের মূল্য এর চেয়ে বেশি হলে তা যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রবৃদ্ধিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে।
আইএমএফ মনে করে, এ বছর চীনসহ বেশির ভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে এবং উচ্চ সুদহার বিনিয়োগের ক্ষেত্রে সংকট বাড়িয়ে দেবে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন, গ্রিস ও মধ্যপ্রাচ্য সংকট আরও বাড়লে তা মার্কিন অর্থনীতিকে আরও চাপে ফেলবে।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন গত মাসে সুদহার বাড়ানোর ইঙ্গিত দেন। তবে তিনি এটাও বলেন, সুদহার একবারে না বাড়িয়ে পর্যায়ক্রমে বাড়ানো হবে। সূত্র: বিবিসি