এক ঘণ্টায় ৩৯০ কোটি ডলার বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠান আলিবাবা মাত্র এক ঘণ্টায় ৩৯০ কোটি ডলার মূল্যের পণ্য বিক্রির রেকর্ড করেছে, যা বাংলাদেশের প্রায় ৩১ হাজার ২০০ কোটি টাকার সমান। দেশটিতে অনলাইনে কেনাকাটার সবচেয়ে বড় উৎসব ‘সিঙ্গেলস ডে’ উপলক্ষেই বিক্রির এ নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
সঙ্গী বা সঙ্গিনী নেই—চীনের এমন নাগরিকদের জন্য বিশেষ একটা দিন হলো সিঙ্গেলস ডে। দেশটির ন্যানজিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ব ভালোবাসা দিবসের পাল্টা উৎসব হিসেবে ১৯৯৩ সালের ১১ নভেম্বর সিঙ্গেলস ডে উদ্যাপন শুরু করেন। সেই থেকে প্রতিবছর ব্যাপক কেনাকাটার মধ্য দিয়েই পালন করা হচ্ছে দিনটি।
আর আলিবাবা এ দিনটিকে পণ্য বিক্রির বড় উৎসব হিসেবে বেছে নেয় ২০০৯ সালে। এদিনে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন রকমের ছাড় দেয় প্রতিষ্ঠানটি।
আলিবাবা জানিয়েছে, সিঙ্গেলস ডে উপলক্ষে গতকাল বিক্রি শুরুর প্রথম আট মিনিটেই এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে তারা। প্রথম ১৪ ঘণ্টায় আলিবাবার এ বিক্রি বেড়ে দাঁড়ায় এক হাজার কোটি ডলারে। দিন শেষে এ বিক্রি ১ হাজার ৪০০ কোটি ডলারে গিয়ে ঠেকবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। গত বছর এই দিনে আলিবাবার বিক্রির পরিমাণ ছিল ৯৩০ কোটি ডলার। প্রথম ঘণ্টায় ২ কোটি ৭০ লাখ ডলারের পণ্য বিক্রি হয়েছে মুঠোফোনের মাধ্যমে।
আলিবাবার হিসাবে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে থাকলেও এবারের সিঙ্গেলস ডেতে পাওয়া অর্ডার ক্রয়াদেশ অনুযায়ী পণ্য সরবরাহে কুরিয়ারে প্রায় ১৭ লাখ পার্সেল, চার লাখ গাড়ি ও ২০০টি বিমান ব্যবহার করতে হবে।
চীনের অনলাইন কেনাকাটার ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে আলিবাবা। আলিবাবা জানিয়েছে, এ বছর তাদের মাধ্যমে বিশ্বের ২৫টি দেশের ৪০ হাজারের বেশি ব্যবসায়ী ও ৩০ হাজারের বেশি ব্র্যান্ড তাদের পণ্য বিক্রি করবে। এ বছর আলিবাবার অনলাইন অ্যাপ ‘টাওবাও’ ভিজিট করেছেন ১৩ কোটি ব্যবহারকারী।
আলিবাবার প্রধান নির্বাহী ডেনিয়েল ঝাং গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই দিনে চীনা ভোক্তাদের শক্তি দেখছে পুরো বিশ্ব। এবার ২৪ ঘণ্টার প্রতি ঘণ্টায়ই ক্রেতাদের জন্য নানা চমক রাখা হয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স