এক দিনেই গচ্চা ২৭ হাজার কোটি টাকা
>

ব্ল্যাক মানডের কবলে এশিয়ার শীর্ষ ধনী ওয়াং জিয়ালিন
মাত্র ২৪ ঘণ্টায় এশিয়ার শীর্ষ ধনী চীনের ওয়াং জিয়ালিন ২২০ কোটি ব্রিটিশ পাউন্ড বা ২৭ হাজার ৫২২ কোটি টাকার সম্পদ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার। ওই দিন বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে, যা ইতিমধ্যে আরেক ‘ব্ল্যাক মানডে’ হিসেবে পরিচিতি পেয়েছে।
ওয়াং জিয়ালিন প্রোপার্টি অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ডালিয়ান ওয়ান্দার চেয়ারম্যান। সোমবার চীনের অন্যতম প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট সূচক এক ধাক্কায় ৮ দশমিক ৪৫ শতাংশ পড়ে যায়। ২০০৭ সালের পর চীনের পুঁজিবাজারে এটি সর্বোচ্চ দরপতন। আর এতেই ওয়াং জিয়ালিনের গচ্চা গেছে বিপুল পরিমাণ অর্থ।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১৭ নম্বর হচ্ছেন ওয়াং জিয়ালিন। ১৬ বছরের সৈনিক জীবন পার করা ৬০ বছর বয়সী চীনা এই নাগরিক বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। সর্বশেষ ব্ল্যাক মানডের কারণে ৩৬০ কোটি মার্কিন ডলার কমে তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১২০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ জিয়ালিনের সম্পদ কমেছে ১০ শতাংশ।
সিএনএন মানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুন থেকে ডালিয়ান ওয়ান্দার শেয়ারের দাম ৩৮ শতাংশ কমেছে। অর্থের হিসাবে যা কিনা ৯০০ কোটি ডলারের সমান। এর মধ্যে ওয়ান্দা সিনেমার শেয়ার ৩৬ শতাংশ হ্রাসে ৪২০ কোটি ডলার কমেছে। আর ওয়ান্দা হোটেল ডেভেলপমেন্টের শেয়ারের দর কমেছে ৪৯ শতাংশ।
ডালিয়ান ওয়ান্দা চীনের সবচেয়ে বেশি সম্পদের মালিক। শপিং মল থেকে বিলাসবহুল হোটেলসহ অনেক কিছু পরিচালনা করে তারা। তবে ইদানীং তাঁর আগ্রহ বিনোদন শিল্পেই বেশি। ২০১৩ সালে তিনি ব্রিটিশ ইয়ট নির্মাতা প্রতিষ্ঠান সানসিকার কিনতে ১৬০ কোটি ডলার ব্যয় করেছেন। এই প্রতিষ্ঠান জেমস বন্ড সিনেমার জন্য ইয়ট তৈরি করে।
এদিকে গতকাল মঙ্গলবার চীনের অন্যতম প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট সূচক ৭ দশমিক ৬ শতাংশ কমে গেছে। সোমবারের বড় পতনের পর কোনো নীতি বা জরুরি উত্তরণ ব্যবস্থা ঘোষণা করা হয়নি। এমন পরিস্থিতিতে গতকাল চীনের একাধিক গণমাধ্যমের সম্পাদকীয়তে বলা হচ্ছে, শেয়ারের দাম বাড়াতে চীনা সরকারের উদ্যোগ দরকার।
সাংহাইয়ের হুতাই সিকিউরিটিজের বিশ্লেষক জুউ লিন রয়টার্সকে বলেন, বিশ্বের বিনিয়োগকারীরা একে অন্যকে খাচ্ছেন। এটাকে ধ্বংসযজ্ঞ বললে বেশি বলা হবে না। সূত্র: নিউ ভিশন, ব্লুমবার্গ