এক বছরে উন্নয়নশীল দেশগুলো থেকে ১ লাখ কোটি ডলার পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের উন্নয়নশীল, উদীয়মান ও স্বল্পোন্নত ১৫১টি দেশ থেকে এক বছরে প্রায় এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) ডলারের সমপরিমাণ অর্থ উন্নত দেশসহ বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) গতকাল ‘ইলিসিট ফিন্যান্সিয়াল ফ্লোজ ফরম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৩-২০১২’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব তথ্য পাওয়া গেছে। এতে বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো থেকে গত এক দশকে কী পরিমাণ অর্থ অবৈধভাবে বাইরে চলে গেছে, তার প্রাক্কলন করা হয়েছে। ছয় বছর ধরে জিএফআই এ হিসাব প্রকাশ করে আসছে।
জিএফআই বলছে, অপরাধ ও দুর্নীতির কারণেই ১৫১টি দেশ থেকে ২০১২ সালে ৯৯ হাজার ১০০ কোটি ডলার বাইরে পাচার হয়ে গেছে। আর এই অর্থ পাচারের কৌশল হিসেবে কাজে লাগানো হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে কারচুপিকে, যাকে জিএফআই বলছে ট্রেড মিসইনভয়েসিং। ২০১২ সালে ৭০ শতাংশ অর্থই পাচার হয়েছে বাণিজ্যের চালানে মূল্য বাড়িয়ে বা কমিয়ে (ওভার বা আন্ডার ইনভয়েসিং) দেখানোর মাধ্যমে। পণ্যের মূল্য কমিয়ে দেখানো হয় কর ফাঁকি দেওয়ার জন্য আর বাড়িয়ে দেখানো হয় বড় অঙ্কের অর্থ বাইরে সরিয়ে ফেলার জন্য।
এটি জিএফআইর ষষ্ঠ বার্ষিক প্রতিবেদন, যেখানে আরও বলা হয়েছে, ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত সময়কালে এসব দেশ থেকে ছয় লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে। গড়ে প্রতিবছর ৯ দশমিক ৪ শতাংশ হারে এই পাচারের পরিমাণ বেড়েছে। ২০১২ সালসহ এই সময়কালে সবচেয়ে বেশি অর্থ অবৈধভাবে যে পাঁচটি দেশ থেকে বাইরে চলে গেছে, সে দেশগুলো হলো চীন, রাশিয়া, মেক্সিকো, ভারত ও মালয়েশিয়া। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৫১তম।
তবে সাব-সাহারা আফ্রিকা এই অর্থ পাচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অর্থনীতি। এই অঞ্চল থেকে পাচারকৃত অর্থ তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। নাইজেরিয়া ও আফ্রিকা অর্থ পাচারে এই অঞ্চলের শীর্ষ দুই দেশ।
এই প্রতিবেদন সম্পর্কে এক বিবৃতিতে জিএফআই প্রেসিডেন্ট রেয়মন্ড বেকার বলেন, ‘অর্থ পাচারের এই হিসাব রক্ষণশীল। তার পরও তা এসব দেশগুলোর প্রাপ্ত বিদেশি সহায়তার ১০ গুণের বেশি। উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর জন্য সবচেয়ে ক্ষতিকর অর্থনৈতিক সমস্যা হলো অবৈধভাবে অর্থ বাইরে চলে যাওয়া। যতক্ষণ পর্যন্ত বৈশ্বিক নেতারা এ বিষয়টি সমাধানে নজর না দেবেন, ততক্ষণ পর্যন্ত বৈশ্বিক টেকসই উন্নয়ন অসম্ভব।’
প্রতিবেদনে দেখানো হয়েছে, আলোচ্য দশকে মোট পাচারকৃত অর্থের ৪০ দশমিক ৩ শতাংশই গেছে এশিয়া থেকে। তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা, সাব-সাহারা আফ্রিকা থেকেও পাচার বাড়ছে। এই দুই অঞ্চল থেকে পাচারকৃত অর্থ মোট পাচারকৃত অর্থের যথাক্রমে ২৪ দশমিক ২ শতাংশ ও ১৩ দশমিক ২ শতাংশ।
বেকার জাতিসংঘের প্রতি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) প্রণয়নে ২০৩০ সালের মধ্যে এ ধরনের অর্থ পাচারের পরিমাণ বর্তমানের অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করেছেন। উল্লেখ্য, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) কর্মসূচির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাওয়ার পর এসডিজি প্রণীত হওয়ার কথা।
জিএফআইর গবেষকেরা অর্থ পাচারের হিসাব নির্ণয়ের জন্য এসব দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনের ভারসাম্যের পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন। আর এসব পরিসংখ্যান নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে। তবে আইএমএফ প্রতিবছরই এসব পরিসংখ্যান হালনাগাদ ও সংশোধন করে। তাই জিএফআইকেও আগের বছরের হিসাব সংশোধন করতে হয়েছে। সে কারণে গত বছর প্রকাশিত প্রাক্কলনে ২০১০ বা ২০১১ সালে যে পরিমাণ অর্থ পাচারের কথা বলা হয়েছে, এ বছরের প্রকাশিত প্রাক্কলনে তার থেকে কিছুটা পরিবর্তন দেখা যায়।