একে একে বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের এক্সচেঞ্জ হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক লোকসানের কারণে একে একে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউস। ইতিমধ্যে এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লন্ডনের এক্সচেঞ্জ হাউস বন্ধ করে দিয়েছে। সবশেষ ১ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে এবি ব্যাংক যুক্তরাজ্যের এক্সচেঞ্জ হাউস। লোকসানে রয়েছে আরও কয়েকটি ব্যাংকের এক্সচেঞ্জ হাউসও।
যুক্তরাজ্যের স্থানীয় ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউসগুলোর হিসাব ধরে রাখতে নানা শর্ত আরোপ করে, পাশাপাশি আয় দিয়েও ব্যয় নির্বাহ সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও পাউন্ডের দাম কমে যাওয়ার প্রভাবও পড়ছে ব্যবসায়। ফলে কয়েক বছর বাংলাদেশ থেকে টাকা নিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা হলেও নতুন করে মূলধন নেওয়ার সুযোগ না দেওয়ায় এখন বন্ধ করতে বাধ্য হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, যুক্তরাজ্যের এক্সচেঞ্জ হাউসে প্রাইম ব্যাংকের লোকসান ৪ লাখ ১১ হাজার ৭৪৫ পাউন্ড (টাকায় ৪ কোটি ২০ লাখ), এক্সিম ব্যাংকের লোকসান ৪ লাখ ৪১ হাজার ২৭৭ পাউন্ড (টাকায় ৪ কোটি ৫০ লাখ), সাউথইস্ট ব্যাংকের লোকসান ১ লাখ ৯৬ হাজার ৭০৪ পাউন্ড (টাকায় ২ কোটি ৮৮ হাজার), ব্যাংক এশিয়ার লোকসান ৫ লাখ ২০ হাজার ৭৮৫ পাউন্ড (টাকায় ৫ কোটি ৩০ লাখ), বন্ধের আগ পর্যন্ত এনসিসি ব্যাংকের লোকসান হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৮৩৬ পাউন্ড (টাকায় ৩ কোটি ৭২ লাখ)।
জানা যায়, ২০১০ সালের ৩ জুন যুক্তরাজ্যে নিবন্ধন নেয় এবি এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড। এরপর ২০১১ সালে হাউসটি কার্যক্রম শুরু করে। কার্যক্রমের শুরুতে ব্যাংকটিকে ২ লাখ পাউন্ড (বাংলাদেশি ২ কোটি ৩৬ হাজার টাকা) মূলধন হিসেবে নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যবসা করে ব্যয় নির্বাহ সম্ভব না হওয়ায় ব্যাংকটি দুই দফায় আরও ২ লাখ পাউন্ড পুনঃ মূলধন জোগানের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। আবেদনের সঙ্গে ব্যাংকটি এক্সচেঞ্জ হাউসের ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনাও জমা দেয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুন কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে জানিয়ে দিয়েছে, সম্ভাব্যতা প্রতিবেদন পর্যালোচনায় এসেছে যে এক্সচেঞ্জ হাউসটির ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা কার্যকর হবে না। এ কারণে এবি এক্সচেঞ্জের (ইউকে) অনুকূলে ২ লাখ পাউন্ড পুনঃ মূলধনীকরণের আবেদন নাকচ করা হলো। পাশাপাশি এক্সচেঞ্জ হাউসটির ব্যবসা গুটিয়ে ফেলার জন্য পরামর্শ দেওয়া হলো।
এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির চেয়ারম্যান ওয়াহিদুল হক বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিং ঝুঁকি বিবেচনায় ২০১৪-১৫ সালে যুক্তরাজ্যের ব্যাংকগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোর হিসাব বন্ধ করে দেয়। ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাওয়ায় এক্সচেঞ্জ হাউসটির ব্যবসা কমে গেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও ব্যবসা বন্ধ করার পরামর্শ দিয়েছে। এবি ব্যাংক লন্ডনের এক্সচেঞ্জ হাউসটি বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। ব্যাংকের জন্য এটা সুখকর খবর নয়। আন্তর্জাতিক প্রাঙ্গণে সবকিছু শুধু লাভ-লোকসানের আঙ্গিকে দেখা শ্রেয় বলে বিবেচিত না-ও হতে পারে।
এদিকে প্রাইম ব্যাংকের পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) এ পর্যন্ত ৫ লাখ পাউন্ড মূলধন নিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত মুনাফায় যেতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে লোকসান করেছে ৯ হাজার ৯৯২ পাউন্ড। এখন এজেন্ট নিয়োগ দিয়ে টিকে থাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এত খরচ করে লন্ডনে এক্সচেঞ্জ হাউস রাখা কঠিন হয়ে পড়েছে। এ জন্য আমরা শাখা না বাড়িয়ে এজেন্ট নিয়োগ দিতে যাচ্ছি। এ ছাড়া রেমিট্যান্সও আগের মতো নেই। লন্ডন শহরে তিনটি এজেন্ট নিয়োগ দিয়ে আমরা রেমিট্যান্স সংগ্রহ করব। এতে আমাদের কম খরচে রেমিট্যান্স সংগ্রহ সম্ভব হবে।’
জানা গেছে, ব্যাংক এশিয়ার এক্সচেঞ্জ হাউসও লোকসানে রয়েছে। ২০১৫ সালে ৭৩ হাজার ৭১৮ পাউন্ড লোকসান করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রেমিট্যান্স প্রবাহ বাড়ার লক্ষ্যে ২০০৯-১১ সাল পর্যন্ত চাহিবামাত্র এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এ তিন বছরেই প্রায় ৭০টি এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি পায় ব্যাংকগুলো। তবে এর মধ্যে ৩৬টি চালু হয়। লোকসানে পড়ে এক্সিম ব্যাংক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার এক্সচেঞ্জ হাউস বন্ধ করে দেয়। সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডার এক্সচেঞ্জ হাউস বন্ধ করে দিয়েছে অগ্রণী ব্যাংক।