এটিএম থেকে এক পিঠ সাদা ৫০০ রুপির নোট
ভারতে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করার সিদ্ধান্তের পর থেকে প্রতিদিনই কোনো না কোনো নতুন ঘটনা ঘটছে। এবার এটিএম বুথ থেকে এমন নোট মিলল, যার এক পিঠ পুরোটাই সাদা। ঘটনাটি ঘটেছে সম্প্রতি মধ্যপ্রদেশের সিগাঁও গ্রামে। খবর হিন্দুস্থান টাইমস।
হেমন্ত সোনি নামে এক ব্যক্তি একটি বেসরকারি ব্যাংকের এটিএম থেকে ১ হাজার ৫০০ রুপি তোলেন। এটিএম মেশিন থেকে তিনটি ৫০০ রুপির নোট বের হয়। এগুলো বাজারে ছাড়া নতুন নোট। নোটগুলো হাতে নিয়েই চমকে ওঠেন তিনি। তিনটির মধ্যে দুটি ৫০০ রুপির নোটের এক পিঠ পুরোটাই সাদা। নকল নোট পেয়েছেন ভেবে তখনই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন হেমন্ত। নোটগুলো পরীক্ষার পর ব্যাংক থেকে জানানো হয়, তিনটি নোটই আসল। ছাপার ভুলে এই কাণ্ড। নোটগুলো তাঁকে বদলেও দেওয়া হয়।
পরে ওই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ছাপহীন নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
চলতি মাসে নোট নিয়ে এমন বিভ্রান্তিকর ঘটনা আরও ঘটেছে মধ্যপ্রদেশে। কয়েক দিন আগে মহাত্মা গান্ধীর ছবি ছাড়া ২০০০ টাকার নোট পেয়েছিলেন মধ্যপ্রদেশের এক কৃষক। ওই ঘটনা ছাপার ভুল বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।