এবার জোট বেঁধেছে খুচরা বিক্রেতারা
>

ডোনাল্ড ট্রাম্পের আমদানি পণ্যের ওপর ২০ শতাংশ কর বসানোর বিরুদ্ধে ওয়ালমার্ট, নাইকিসহ শতাধিক মার্কিন কোম্পানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সীমান্ত সমন্বয় করের (বর্ডার অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স) বিরুদ্ধে এবার একজোট হয়েছে দেশটির খুচরা বিক্রেতারা। এর মধ্যে আছে ওয়ালমার্ট ও টার্গেটের মতো বড় বড় রিটেইলার বা খুচরা বিক্রেতা কোম্পানি।
খুচরা বিক্রেতা কোম্পানিগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর আরোপ করা হলে মার্কিন নাগরিকদেরই প্রতিদিন শত ডলারের বেশি বাড়তি ব্যয় করতে হবে।
১ ফেব্রুয়ারি (বুধবার) দেশটির শতাধিক প্রতিষ্ঠান ট্রাম্পের প্রস্তাবিত করের বিরুদ্ধে একজোট হয়ে একটি নতুন সংগঠন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘আমেরিকানস ফর অ্যাফোরডেবল প্রোডাক্টস’। মূলত দেশটির ন্যাশনাল রিটেইল ফেডারেশন, আমেরিকান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল গ্রোসারি অ্যাসোসিয়েশন এর উদ্যোক্তা। আর এর সঙ্গে জড়িত কোম্পানির তালিকায় ওয়ালমার্ট, টার্গেট ছাড়াও রয়েছে বেস্ট বাই, নাইকি, এলভিএমএইচ ও ডলার জেনারেলের মতো বিখ্যাত নাম। অর্থাৎ, পোশাক ছাড়াও খাদ্য, পানীয়, ইলেকট্রনিকস থেকে শুরু করে গ্যাস কোম্পানিগুলোও এই জোটে রয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমদানি করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ এখান থেকে সংগ্রহ করা হবে। এই প্রস্তাব পাসের পর সরকারের আয় বাড়লেও মার্কিন ভোক্তাদের দৈনন্দিন ব্যয় বেড়ে যাবে বহু গুণ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভোক্তারা। কেননা, যুক্তরাষ্ট্রে যত পোশাক ও জুতা বিক্রি হয়, তার ৯৭ শতাংশই আমদানি করা। পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে আমদানি করতে হয় ৯০ শতাংশ। এমনকি চিনি, কফিসহ নানা ধরনের খাদ্যপণ্যও আমদানিনির্ভর।
ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে, এমন একটি করের ব্যবস্থা করা, যাতে মার্কিন কোম্পানিগুলো দেশেই বিনিয়োগ করে। এ জন্য কর প্রণোদনা কমানো প্রয়োজন। অন্যদিকে দেশে বিনিয়োগ করতে উৎসাহ দিতে করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হবে। তবে মার্কিন প্রতিষ্ঠানগুলো বলছে, বিষয়টি এত সহজ হবে না। কারণ, উৎপাদনসংশ্লিষ্ট সব ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের ভেতরে তৈরি হয় না। অনেক ধরনের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি করতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং মুনাফা কমবে। অন্যদিকে হিসাব করা হয়েছে যে ২০ শতাংশ কর বসানো হলে প্রতিটি মার্কিন খানা বা হাউসহোল্ড ব্যয় ১ হাজার ৭০০ ডলার পর্যন্ত বাড়বে।
উল্লেখ্য, আমদানি পণ্যের ওপর কর বসানো নিয়ে বাংলাদেশেও উদ্বেগ রয়েছে। বাংলাদেশের পোশাকপণ্যের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র।