এবার রাশিয়া ছাড়ছে বৈশ্বিক চেইন হোটেল ম্যারিয়ট

এবার রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছে বৈশ্বিক চেইন হোটেল ম্যারিয়ট। রাশিয়ায় ব্যবসা শুরুর ২৫ বছর পর এসে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ। তারা বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নানা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া তাদের জন্য একপ্রকার ‘অসম্ভব’ হয়ে পড়েছে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মার্চে ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ মস্কোতে তাদের কার্যালয় বন্ধ করে দেয়। পাশাপাশি একই সময় থেকে রাশিয়ায় সব ধরনের বিনিয়োগও বন্ধ করে দেয় তারা। রাশিয়ায় ম্যারিয়টের ২২টি হোটেল রয়েছে। এগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হয়। তবে রাশিয়া ছাড়ার ঘোষণা দিলেও ম্যারিয়ট কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় কার্যক্রম স্থগিত করার বা বন্ধের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল।

বিবিসির প্রতিবেদনে ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষের এক বিবৃতির বরাতে বলা হয়েছে, ‘আমরা এ সিদ্ধান্তে এসেছি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউর নানা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ম্যারিয়টের হোটেল বা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিচালনা করা বা চালিয়ে নিয়ে যাওয়া প্রায় ‘অসম্ভব’। তাই আমরা আমাদের রাশিয়ান সহযোগীদের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছি।

যুদ্ধে জড়িয়ে যাওয়া দুই দেশের বাইরে থাকা ম্যারিয়টের মাধ্যমে রাশিয়ায় কর্মরত ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করা যায় কি না, সেই পথ খুঁজছি।’ এর আগে খাদ্যপণ্যের বৈশ্বিক জায়ান্ট ম্যাকডোনাল্ডস, স্টারবাকসের পাশাপাশি পোশাকের বৈশ্বিক চেইন শপ মার্কস অ্যান্ড স্পেনসার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়।

এখন এসে নতুন করে একই ধরনের ঘোষণা দিল ম্যারিয়ট হোটেল। এ বিষয়ে বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করতে ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ রাজি হননি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।