এবারে যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার প্রমোদতরি জব্দ

যুক্তরাজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে নিজেদের জলসীমায় থাকা প্রথম কোনো রাশিয়ান বিলাসবহুল প্রমোদতরি (সুপার ইয়ট) জব্দ করেছেছবি: ন্যাশনাল ক্রাইম এজেন্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে নিজেদের জলসীমায় থাকা প্রথম কোনো রাশিয়ান বিলাসবহুল প্রমোদতরি (সুপার ইয়ট) জব্দ করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চারটি রুশ প্রমোদতরি জব্দ হয়েছিল। এর মধ্যে ইতালিতে তিনটি ও ফ্রান্সে একটি প্রমোদতরি জব্দ করা হয়। খবর বিবিসির  

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস জানিয়েছেন, তাঁরা মালি ফি নামে ৩ কোটি ৮০ লাখ পাউন্ড দামের যে প্রমোদতরিটি জব্দ করেছেন, সেটির মালিক হলেন রাশিয়ার একজন অজ্ঞাতনামা ব্যবসায়ী। যুক্তরাজ্যের পরিবহন বিভাগ তাঁর নাম প্রকাশ করতে চায়নি। তবে ওই ব্যবসায়ী, তথা জব্দ হওয়া প্রমোদতরির মালিক এখনো ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞার মুখে পড়েননি, যা রাশিয়ার অনেক ধনাঢ্য ব্যবসায়ীর ক্ষেত্রে ঘটেছে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ওই ব্যক্তির ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।  

প্রমোদতরিটিকে রাশিয়া রেগুলেশনস-২০১৯ প্রবিধানের আওতায় আটক করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এই প্রবিধানে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের মালিকানাধীন, নিয়ন্ত্রিত ও পরিচালিত জাহাজের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রিটিশ মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেন, ১৩ মার্চ প্রথম প্রমোদতরিটিকে রাশিয়ার নাগরিকের মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়। কিন্তু তখন প্রমোদতরিটি এর মালিকের পরিচয় ইচ্ছাকৃতভাবে লুকিয়েছিল। জাহাজটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের একটি কোম্পানির নামে নিবন্ধিত হলেও পরিচয় লুকাতে যুক্তরাজ্যের জলসীমায় তা মাল্টার পতাকা বহন করছিল।

প্রমোদতরি জব্দের এই পদক্ষেপকে পুতিন ও তাঁর মিত্রদের জন্য একটি স্পষ্ট ও কঠোর সতর্কবাণী হিসেবে উল্লেখ করেন শ্যাপস। তিনি আরও বলেন, পুতিনকে সমর্থনকারী লোকেরা যুক্তরাজ্যের জলসীমায় তাঁদের জাহাজ ভাসিয়ে উপকৃত হতে পারেন না। কোনো সিদ্ধান্ত হওয়ার আগপর্যন্ত জাহাজটি আপাতত যুক্তরাজ্যের জলসীমাতেই থাকছে বলে জানান তিনি।

তবে প্রমোদতরির মালিকানা চিহ্নিত করতে গিয়ে যদি ভুল হয়ে থাকে, তাহলে যুক্তরাজ্যকে বড় অঙ্কের ক্ষতিপূরণ চুকাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান কিস্টোন ল’-এর অংশীদার বেঞ্জামিন মাল্টবি। কারণ, যুক্তরাজ্যের মানবাধিকার আইন অনুসারে, মানুষকে তাঁদের সম্পত্তির শান্তিপূর্ণ উপভোগ করার অধিকার থেকে বঞ্চিত করা হলে তার ক্ষতিপূরণ দিতে হয়। সে ক্ষেত্রে এই প্রমোদতরি ভাড়া করার খরচ থেকে শুরু করে সব খরচ মেটানোর দায়িত্ব নিতে হবে যুক্তরাজ্যকে।
নেদারল্যান্ডসে নির্মিত জাহাজটি গত বছর প্রথম সমুদ্রযাত্রা করে। একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য কিছুদিন আগে এটি লন্ডনের কাছে এসেছিল।

এর আগে ১১ মার্চ নিজেদের জলসীমায় থাকা রাশিয়ার একটি বিলাসবহুল প্রমোদতরি জব্দ করে ইতালির পুলিশ। এর আগে মার্চের প্রথম সপ্তাহে রাশিয়ার দুই ধনকুবেরের মালিকানাধীন আরও দুটি বিলাসবহুল প্রমোদতরি জব্দ করে ইতালি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরেক শক্তিশালী দেশ ফ্রান্সও নিজেদের জলসীমা থেকে ‘আমোর ভেরো’ নামের একটি প্রমোদতরি জব্দ করে।