
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু বা মূল্যমান ২১ শতাংশ বেড়ে ২০১৪ সালে ৬৬৬ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার কোটি টাকার সমান। ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল ৫০০-এর সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের শীর্ষ ৫০০ ব্র্যান্ডের তালিকায় এমিরেটস রয়েছে ১৯৬তম স্থানে। তবে বিশ্বের সর্বাধিক মূল্যবান এয়ারলাইন ব্র্যান্ড ও মধ্যপ্রাচ্যের সেরা ব্র্যান্ড হিসেবে এমিরেটস শীর্ষস্থান ধরে রেখেছে। এমিরেটস এয়ালাইনসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এমিরেটস একটি বৈশ্বিক কোম্পানি, বিশ্বের জনগণ আমাদের গ্রাহক। তাই নতুন পণ্য উদ্ভাবন ও উন্নত সেবা প্রদানে সম্ভব সবকিছুই করে থাকি আমরা।’ ব্র্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী ডেভিড হেই বলেন, ‘এমিরেটসের ব্যাপক স্পনসরশিপ কর্মসূচি ও বিস্তৃততর নেটওয়ার্ক সারা বিশ্বে স্বীকৃত। ব্যতিক্রমী সেবা ও নির্ভরযোগ্যতা এমিরেটস ব্র্যান্ডটির অবস্থান সুদৃঢ় করেছে।’
বিজ্ঞপ্তি