এরিক এয়ার ও এমিরেটসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনস সম্প্রতি পশ্চিম আফ্রিকার শীর্ষস্থানীয় এয়ারলাইন এরিক এয়ারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা বিস্তারসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এরিক এয়ারের সঙ্গে ওয়ানওয়ে ইন্টারলাইন চুক্তির অধীনে এমিরেটস এরিক এয়ারের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনসেবা প্রদান করছে। গত ২৭ আগস্ট দুবাইয়ে এমিরেটস গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এমিরেটসের বিভাগীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদনান কাজিম এবং এরিক এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস এনড্লুলে। এই চুক্তির অধীনে দুটি এয়ারলাইন, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, যাত্রী ও কার্গো ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করা হবে। এরিক এয়ার পশ্চিম ও মধ্য আফ্রিকায় সবচেয়ে বড় এয়ারলাইন। নাইজেরিয়ায় তাদের বিস্তৃত অভ্যন্তরীণ নেটওয়ার্কে রয়েছে। লাগোস ও আবুজা হাবের মাধ্যমে এরিক এয়ার পশ্চিম আফ্রিকার বিভিন্ন আঞ্চলিক গন্তব্যে চলাচল করছে। লাগোস থেকে নিউইয়র্ক ও লন্ডনেও ফ্লাইট রয়েছে এয়ারলাইনটির। অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন এমিরেটস ৮১টি দেশের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।