এশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে ব্রেক্সিট
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এশিয়াসহ বিশ্ব অর্থনীতির ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে মনে করছে এশিয়ার বড় দেশগুলো। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো দেশ আলাদাভাবে বহুল আলোচিত ‘ব্রেক্সিট’-পরবর্তী প্রতিক্রিয়ায় এমন মনোভাব ব্যক্ত করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজ নিজ দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, পুঁজিবাজার থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজারে যে অস্থিতিশীলতা এখন দেখা যাচ্ছে, সেটা মোকাবিলায় তাঁরা যথাসম্ভব প্রস্তুতি নিয়ে রেখেছেন।
চীনের অর্থমন্ত্রী লু জিউয়ি ব্রেক্সিট সম্পর্কে বলেন, পরবর্তী ঘটনাপ্রবাহ কী হতে যাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এর প্রভাব কয়েক বছর ধরে অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এই প্রভাব ৫ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। চীনের অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে গত কয়েক দিনে যে পতন দেখা গেছে, এটা একটু বেশি অস্বাভাবিক। এখন দরপতনের যুক্তিসংগত দিকগুলো নিয়ে চিন্তা করা দরকার।
ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যসহ বিশ্ব পুঁজিবাজারে ধস অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের প্রধান পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জের সূচক এফটিএসই-১০০ গতকাল ১ শতাংশ কমে গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে এফটিএসই-১০০ সূচকটি মোট ৮ শতাংশ কমেছে। লন্ডন পুঁজিবাজারের আরেক সূচক এফটিএসই-২৫০ গতকাল সাড়ে ৩ শতাংশ কমেছে। এ ছাড়া ইউরোপভিত্তিক ইউরো নেক্সট-১০০, জার্মানির ড্যাক্স ও ফ্রান্সের সিএসি-৪০ সূচকও গতকাল ২ শতাংশ কমে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০, ডাউ জোনস সূচকেও গতকাল নেতিবাচক প্রভাব লক্ষ করা গেছে। তবে চীনের সাংহাই কম্পোজিট গতকাল ১ দশমিক ৪ শতাংশ ও জাপানের নিক্কেই সূচক প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য হুয়াং ইপিং বিবিসিকে বলেন, বিশ্বায়নের প্রক্রিয়ায় একটি নেতিবাচক প্রভাব ফেলবে ব্রেক্সিট। ব্রিটিশ আইনি পরামর্শক প্রতিষ্ঠান বেকার অ্যান্ড ম্যাকেঞ্জির হিসাব অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাজ্যে ৩৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। বর্তমানে দেশ দুটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৪ হাজার কোটি ডলার।
পুঁজিবাজারের পাশাপাশি দরপতন অব্যাহত আছে ব্রিটিশ পাউন্ডেরও। গত এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড দর হারিয়েছে সাড়ে ৭ শতাংশ, যা গত ৩১ বছরে সর্বোচ্চ। জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১১ শতাংশ। সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের অতিরিক্ত চাহিদা থাকায় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের মুদ্রার মান কমানোর উদ্যোগ নিয়েছে।
ভারতীয় শিল্পগোষ্ঠী মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ব্রেক্সিট প্রসঙ্গে বলেন, সারা বিশ্ব এমন আচরণ করছে যেন বড় এক সুনামি আঘাত হেনেছে। তবে যে অস্থিরতা এখন বিরাজ করছে, সেটি খুব শিগগির কাটিয়ে ওঠা সম্ভব হবে। চলতি জুনেই মাহিন্দ্রা যুক্তরাজ্যের বাজারে ই-২০ মডেলের বৈদ্যুতিক মোটরগাড়ি বাজারজাত করতে শুরু করেছে।
আনন্দ মাহিন্দ্রা মনে করেন, ইইউ ছাড়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। তবে আরেক ভারতীয় শিল্পগোষ্ঠী গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ মনে করেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের বাজারে তাঁদের পণ্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, যে সব কোম্পানি ইউরোপের বাজারে প্রবেশের জন্য যুক্তরাজ্যকে প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করছিল, তাদের ব্যবসায়িক কৌশলে এখন পরিবর্তন আনার বিকল্প নেই।
সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, সিএনএন মানি