এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা বিজ্ঞাপনী সংস্থার মর্যাদা পেয়েছে জাপানের ‘ডেন্টসু’ ও ‘হাকুহুডো’। আর বিজ্ঞাপনে সেরা ১০ দেশের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। তাদের অবস্থান যথাক্রমে পঞ্চম ও সপ্তম। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপনের বিভিন্ন শাখায় সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ‘কান লায়ন’ পুরস্কার দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে ফ্রান্সের কান শহরে কান লায়ন উৎসব আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞাপন জগতের সবচেয়ে বড় এই পুরস্কার প্রদান করা হয়।
এই উৎসব উপলক্ষে সম্প্রতি কান লায়ন প্রতিবেদন-২০১৪ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোর আনুষ্ঠানিক অবস্থান তালিকা বা অফিশিয়াল র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও যুক্তরাজ্য। শীর্ষ দশে জায়গা না পেলেও তালিকার ১২ নম্বরে আছে ভারত।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা বিজ্ঞাপনী সংস্থার তালিকায় তৃতীয় অবস্থানে আছে ওয়াইএন্ডআর বেইজিং, চতুর্থ লিও বার্নেট সিডনি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডভিত্তিক কলেনসো বিবিডিও পঞ্চম অবস্থানে রয়েছে। সারা বিশ্বের সেরা বিজ্ঞাপনী সংস্থা নির্বাচিত হয়েছে লন্ডনের অ্যাডাম অ্যান্ড ইভ বিবিডি। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে ডেন্টসু।