এশিয়ায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার
মধ্যপ্রাচ্যের তেলসমদ্ধ ধনী দেশ কাতার এশিয়ার বিভিন্ন দেশে এক হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষ কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর পরিবেশন করেছে।
কিউআইএ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রধান পছন্দ উত্তর এশিয়ার দেশ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। সিঙ্গাপুরও এ তালিকায় রয়েছে।
কাতার সরকারের বিদেশি বিনিয়োগ-সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কাতার এত দিন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোকে প্রাধান্য দিলেও দ্রুত প্রবৃদ্ধির কারণে এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। এসব বিনিয়োগ হবে মধ্য ও দীর্ঘমেয়াদি।
হংকংয়ের অন্যতম বড় ও লাভজনক ডিপার্টমেন্টাল স্টোর ‘সোগো’র মালিকানার ২০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার মাধ্যমে এশিয়ায় এ বিনিয়োগ-প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে কিউআইএ। এ জন্য সোগোর মালিকানা প্রতিষ্ঠান লাইফস্টাইল ইন্টারন্যাশনাল হোল্ডিংসকে ৬১ কোটি ৬০ লাখ ডলারের একটি প্রস্তাবও দেওয়া হয়েছে।
এর আগে ২০১০ সালে ইনভেস্টমেন্ট ব্যাংক অব চায়নার প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়ায় ২৮০ কোটি ডলার বিনিয়োগ করেছিল কাতার। এখন পর্যন্ত এশিয়া মহাদেশে এটিই কাতারের সবচেয়ে বড় বিনিয়োগ।
এ প্রসঙ্গে কিআইএর এক কর্মকর্তা বলেন, ‘হংকংয়ের লাইফস্টাইল ইন্টারন্যাশনাল হোল্ডিংসে বিনিয়োগ পরিকল্পনা এশিয়ায় আমাদের বিনিয়োগ বাড়ানোর বৃহৎ পরিকল্পনারই অংশ। বিশ্বব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে আমাদের বিনিয়োগবৈচিত্র্য বাড়াতেও এটি সাহায্য করবে।’
হংকংয়ের ডিপার্টমেন্টাল স্টোর সোগোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান লাইফস্টাইল ইন্টারন্যাশনালও একটি লাভজনক প্রতিষ্ঠান। গত বছর প্রতিষ্ঠানটির মোট মুনাফার পরিমাণ ছিল ৩৪ কোটি ৪০ লাখ ডলার। হংকয়ের পুঁজিবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার কিনতে কাতার খরচ করেছে ১৪ ডলার ৭৫ সেন্ট। সর্বশেষ বাজারমূল্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪ ডলার ৫৮ সেন্ট।
এ বিনিয়োগ-প্রক্রিয়ায় যুক্ত এক ব্যাংক কর্মকর্তা বলেন, লাইফস্টাইল ইন্টারন্যাশনালে বিনিয়োগের ফলে হংকংয়ের সবচেয়ে ধনী ও প্রভাবশালী দুই পরিবার লাও এবং চেংয়ের সঙ্গে কাতারও প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা লাভ করবে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠানটিতে লাও পরিবারের শেয়ারের পরিমাণ ৪৭ শতাংশ আর চেং পরিবারের শেয়ারের পরিমাণ ২৬ শতাংশ। এ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিষ্ঠানটিতে পরিবার দুটির শেয়ারের পরিমাণ ১০ শতাংশ কমে যাবে।
ইতিমধ্যেই কাতার হ্যারডস, বার্কলেজ, ক্রেডিট সুইস এবং ক্যানারি হার্ফের মতো ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস