এয়ার ইন্ডিয়ার বিমান উড়ল মাত্র একজন যাত্রী নিয়ে
ভারতের অমৃতসর থেকে দুবাই যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী এস পি সিং ওবেরয়। তাঁর কাছে একটি ইকোনমি ক্লাসের টিকিট ছিল। ফ্লাইটে উঠেই অভিভূত হয়ে যান তিনি। কারণ এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটে তিনি দুবাই যাচ্ছিলেন, সেখানে তিনিই একমাত্র যাত্রী। মানে, একদম ব্যক্তিগত ফ্লাইটের মতো অবস্থা। এ ঘটনা গত বুধবারের।
স্বভাবতই এস পি সিং ওবেরয় খুবই খুশি হয়েছিলেন। বিমানের এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে ছবি তুলছিলেন। কেউ বাধাও দেননি তাঁকে। অমৃতসর থেকে দুবাই পৌঁছানোর তিন-চার ঘণ্টা দারুণ কেটে যায় তাঁর। কিন্তু এ ঘটনায় ভারতের পতাকাবাহী বিমান সংস্থাটি স্বভাবতই খুশি হতে পারছে না। ওবেরয়ই প্রথম নন, গত পাঁচ সপ্তাহে এই পথে অন্তত তিনবার এমন হয়েছে যে একাধিক বিমান সংস্থাকে মাত্র একজন যাত্রী নিয়েই উড়ান পরিচালনা করতে হয়েছে। ইকোনমিক টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে।
করোনার আগে ভারতের বিভিন্ন শহর থেকে দুবাই ছিল বিমান পরিবহন কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় পথ। এ পথে অনেক যাত্রী পাওয়া যেত। করোনায় যখন বিমান পরিবহন ব্যবসায় ধস নেমেছে, তখন ভারত থেকে দুবাই পথেও যাত্রী পাওয়া দুষ্কর। গত এপ্রিলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে এই ধাক্কা আরও প্রবল হয়েছে।
গত ১৯ মে একই পথে ভবেশ জাভেরি নামে ৪০ বছর বয়স্ক আরেক ব্যক্তি একাই এমিরেটসের এক বিমানে মুম্বাই থেকে দুবাই যান। এর তিন দিন পর ওসওয়াল্ড রড্রিগস আরেক যাত্রীকে নিয়ে দুবাই যায় এয়ার ইন্ডিয়ার আরেক বিমান।
করোনায় বিশ্বব্যাপী বিমান পরিবহন ব্যবসায় মন্দা যাচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য অনুযায়ী, এই খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর ধারণা করা হচ্ছিল, এ খাতে ৬ হাজার ৩০০ কোটি থেকে ১১ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতি হবে। গত বছর মার্চ নাগাদ বিমান পরিবহন খাতে আয় কমেছে ২৫ হাজার ২০০ কোটি ডলার। এপ্রিল মাসে আয় হ্রাসের পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৪০০ কোটি ডলার, যা করোনার আগের চেয়ে ৫৫ শতাংশ কম। এ বছর দেশে দেশে বিধিনিষেধ শিথিল করা হলেও বিমান ব্যবসার বিশেষ উন্নতি হয়নি।
বিশ্বব্যাপী করোনার প্রকোপে অনেক বিমান পরিবহন সংস্থাই বিমান পরিচালনা করতে পারছে না। কিছু দেশে এখনো তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণে আছে। ফলে বিমান সংস্থাগুলো বেশ চাপেই আছে। এর মধ্যে গত বছর মে থেকে ভারত বিশ্বের ২৭টি দেশের সঙ্গে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিচালন চুক্তি করেছে। এয়ার বাবল প্যাক্ট নামের এ চুক্তির আওতায় বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল আংশিক সচল রাখা গেলেও এয়ার ইন্ডিয়া এখনো যাত্রীসংকটে আছে।