এয়ার ক্যাপের বিমান জব্দ করল রাশিয়া
বিশ্বের শীর্ষ বিমান ইজারাদার প্রতিষ্ঠান এয়ার ক্যাপ হোল্ডিংসের ১১৩টি বিমান বাজেয়াপ্ত করেছে রাশিয়া। এ ছাড়া রাশিয়ার কাছে ১১টি জেট ইঞ্জিন হারিয়েছে বিশ্বের বৃহৎ জেটের মালিকানাধীন এ প্রতিষ্ঠান। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একে একে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিজেদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে এয়ার ক্যাপের সম্পদ জব্দ করেছে রাশিয়া।
ফলে এ বছরের প্রথম তিন মাসে এয়ার ক্যাপের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ডলার। রাশিয়া এয়ার ক্যাপের উড়োজাহাজ জব্দ না করলে প্রতিষ্ঠানটির ৫০০ বিলিয়ন ডলার আয় হতো বলে গতকাল মঙ্গলবার কোম্পানির তরফ থেকে বলা হয়। তবে প্রতিষ্ঠানটির নির্বাহীরা বলছেন, এ বছরের প্রথম প্রান্তিকে ভালো ব্যবসা হয়েছে। মহামারির প্রকোপ হ্রাসের কারণে বিশ্বব্যাপী বিমান ভ্রমণের চাহিদা বাড়ছে। খবর সিএনএন
রাশিয়ার কাছে যেসব বিমান তারা হারিয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠানটি ২২টি জেট ও ৩টি ইঞ্জিন উদ্ধার করতে পেরেছিল তারা। যদিও পরে আবার তা হারিয়েছে তারা। হারানো বিমান ফেরত চেয়ে এয়ার ক্যাপ বিমা দাবি করেছে। এয়ার ক্যাপের মোট ১ হাজার ৬২৪টি বিমান রয়েছে। জব্দ বিমানগুলো প্রতিষ্ঠানটির মোট বাজারের ৫ শতাংশের সমপরিমাণ। বিমান জব্দের এ খবর প্রকাশের পর এয়ার ক্যাপের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়েছে।
তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাংগুস কেলি বলেন, ‘রাশিয়ার এমন কার্যক্রমের ফলে এ বছরের প্রথম প্রান্তিকে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তবে দিন দিন বিমানে ভ্রমণের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের সম্পদের ব্যবহার বাড়ছে, অর্থাৎ গ্রাহকদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে।’