এয়ারবিএনবির বাড়িতে ‘পার্টি’ আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধ
বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের কাছে অস্থায়ী আবাসের জনপ্রিয় প্রতিষ্ঠান এয়ারবিএনবি তাদের তত্ত্বাবধানে থাকা বাড়িগুলোতে পার্টি বা অনুষ্ঠান আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি এক বাড়িতে একসঙ্গে কতজন লোক থাকতে পারবে এ–সংক্রান্ত যে সীমা আরোপ করেছিল সংস্থাটি, সেটিও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের কারণে এয়ারবিএনবি এক বাড়িতে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন অবস্থানের সীমা আরোপ করেছিল। এখন সেই সীমা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবিএনবি ২০১৯ সালে প্রথম অস্থায়ীভাবে তাদের আওতাধীন অতিথিশালা বা বাড়িগুলোতে পার্টি আয়োজন নিষিদ্ধ করেছিল। কারণ প্রতিবেশীদের কাছ থেকে এ বিষয়ে নানা অভিযোগ আসছিল। এরপর বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এ নিষেধাজ্ঞা বহাল রাখে সংস্থাটি। পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ আসা অনেক কমে যায়। তারই পরিপ্রেক্ষিতে সংস্থাটি পার্টি আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পার্টি নিষিদ্ধ করলেও একসঙ্গে কত লোক এক বাড়িতে থাকতে পারবে তার যে সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটি তুলে নেওয়া হচ্ছে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, ইউরোপ, আমেরিকায় এমন সব বাড়ি, বাগানবাড়ি ও রিসোর্ট তাদের আওতায় রয়েছে, যেগুলোতে অনায়াসে ১৬ জনের বেশি লোক থাকতে পারবে। এ সীমা তুলে নেওয়ার ফলে অতিথিশালার মালিকেরা তাদের বাড়ি বা রিসোর্টের পূর্ণ সক্ষমতা ব্যবহারের সুযোগ পাবে। এদিকে পার্টি আয়োজনের নিষেধাজ্ঞা অমান্য করায় গত বছর ৬ হাজার ৬০০ অতিথির বুকিং স্থগিত করা হয়েছিল বলে কোম্পানিটির এক বিবৃতি জানানো হয়।
এয়ারবিএনবি হচ্ছে একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম। এটি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণপিপাসু মানুষকে ভ্রমণ সময়ের জন্য বিভিন্ন ভাড়ায় বাড়িতে বসবাসের সুযোগ করে দেয়। ২০০৮ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে এয়ারবিএনবি ব্যাপক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। ভ্রমণপিপাসুরা এসব দেশ ভ্রমণের সময় নিরাপদ, সাশ্রয়ী ও অস্থায়ী আবাস হিসেবে এয়ারবিএনবির বাড়িগুলোকে বেছে নেন।