ওয়াল স্ট্রিটে এক দিনে উধাও ১০ হাজার কোটি ডলার

বিশ্বজুড়ে সম্পদ অধিগ্রহণ ও একীভূতকরণের ইতিহাসে ৫ আগস্ট কালো দিন হয়েই থাকল। এদিন ওয়াল স্ট্রিটের অধিগ্রহণ ও একীভূতকরণ বাজারের ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) ডলারের লেনদেন হওয়ার কথা ছিল। গণমাধ্যমের সাম্রাজ্য বলে খ্যাত ‘টাইম ওয়ার্নার’কে কিনে নেওয়ার কথা ছিল বিশ্বগণমাধ্যমের মোগল হিসেবে খ্যাত রুপার্ট মারডকের মালিকানাধীন ‘ফক্সের’। অর্থাৎ এক মিডিয়া সাম্রাজ্য কিনে নেবে আরেক মিডিয়া সাম্রাজ্যকে। দরদামও ঠিকঠাক ছিল। সাত হাজার ১০০ কোটি ডলারে টাইম ওয়ার্নারকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল মারডকের ফক্স।
টাইম ওয়ার্নার হলো মিডিয়া ও বিনোদন জগতের শতবর্ষী ব্যবসায়িক ঐতিহ্যের এক প্রতিষ্ঠান। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠান। সিএনএন, এইচবিও, টাইম ম্যাগাজিনের মতো দুনিয়াখ্যাত গণমাধ্যম রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায়। আর মারডকের ফক্স যুক্ত মিডিয়া ব্যবসার সঙ্গে। দুনিয়া খ্যাত বিভিন্ন সংবাদমাধ্যমের মালিকানা রয়েছে মারডকের। এ কারণে মারডক দুনিয়াজুড়ে মিডিয়া মোগল হিসেবে পরিচিত।
একই দিন যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন কোম্পানি টি-মোবাইলকে তিন হাজার কোটি ডলারে কেনার কথা ছিল জাপানের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান স্প্রিন্টের। এটির মালিক জাপানি ধনকুবের মাসেওশি সন।
একদিকে মিডিয়া মোগল মারডক, অন্যদিকে ধনকুবের মাসেওশি সন। একদিকে দুনিয়াখ্যাত মিডিয়া সামাজ্য, অন্যদিকে আমেরিকার প্রতিষ্ঠিত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান।
কিন্তু শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল অধিগ্রহণ ও একীভূতকরণের মাধ্যমে বিপুল অর্থে মালিকানা বদলের উদ্যোগ। তার অবধারিত প্রভাব পড়েছে প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে।
বছরের শুরু থেকে ইতিবাচক ধারাতেই চলছিল ওয়াল স্ট্রিটের এক কোম্পানির আরেক কোম্পানি অধিগ্রহণ বা একীভূতকরণের বাজারটি। কিন্তু আগস্টের শুরুতে সেখানে লাগল বড় ধাক্কা। কারণ, ১০ হাজার কোটি ডলারের চুক্তি ভেস্তে গেল। চুক্তিটি হয়ে গেলে অধিগ্রহণ ও একীভূতকরণের ইতিহাসে ৫ আগস্ট একটি দীপ্তিময় দিনই হয়ে থাকত। মারডকের মিডিয়া সাম্রাজ্যের পরিধি বিস্তৃত হতো আরও। প্রসার ঘটত জাপানি ধনকুবেরের ব্যবসার। সেসবের কিছুই হলো না। তাই ইতিহাসে দিনটি ‘অন্ধকার দিন’ হিসেবেই চিহ্নিত হলো।
টাইম ওয়ার্নার এবং টি-মোবাইল দুটিই আমেরিকার শেয়ারবাজারে তালিকাভুক্ত। যেই খবরে কোম্পানি দুটির শেয়ারের দামের বড় ধরনের উল্লম্ফন ঘটার কথা, শেষ পর্যন্ত ঘটেছে তার উল্টোটি। মারডক ও মাসেওশি কোম্পানি দুটি কেনার প্রস্তাব করেছিল। জানাজানিও হয়ে গিয়েছিল তা। আশায় উজ্জীবিত ছিলেন শেয়ারধারীরাও। কিন্তু প্রস্তাব বাতিলের খবর সেই আশাকে নিমেষে দুরাশা করে দিয়েছে। বনিবনা বা সমঝোতার অভাবে বিপুল অর্থে কোম্পানির মালিকানা বদলের উদ্যোগটি থমকে গেল। তাতে আমেরিকার শেয়ারবাজারে এক দিনে টাইম ওয়ার্নারের শেয়ারের ১১ শতাংশ ও টি মোবাইলের ৯ শতাংশ দরপতন ঘটল।
মারডক এ জন্য দুষছেন টাইম ওয়ার্নার কর্তৃপক্ষকে। তিনি বলছেন, অত্যন্ত আকর্ষণীয় একটি প্রস্তাবকে গ্রহণ করতে পারল না তারা।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।