কংগ্রেসে পাস হলো বাইডেনের বাজেট পরিকল্পনা
বাইডেন সরকারের সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বাজেট পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। গতকাল মঙ্গলবার কোনো রিপাবলিকান সমর্থন ছাড়াই প্রতিনিধি পরিষদে ২২০-২১২ ভোটে পাস হয় এ প্রস্তাব। এখন বাজেটের মূলনীতিগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন ডেমোক্র্যাটরা।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী ডেমোক্র্যাটরা আশা করছেন, পারিবারিক সহায়তা, স্বাস্থ্য ও জলবায়ু পরিকল্পনায় উল্লেখযোগ্য ব্যয় করা যাবে।
বাজেট পরিকল্পনা বলা হলেও এটি মূলত একটি সহায়তা প্যাকেজ। বাজেট পরিকল্পনা পাস ছাড়াও ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রাধিকার পাওয়া এক ট্রিলিয়ন ডলারের বিশাল আকারের অবকাঠামো প্যাকেজ অনুমোদনের পথ সুগম করেছেন ডেমোক্র্যাটরা।
গতকাল ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রাধিকার প্যাকেজ অনুমোদনের জন্য একটি পদক্ষেপ নেন। ১০ জন মধ্যপন্থী ডেমোক্র্যাট আইনপ্রণেতা বাজেট পরিকল্পনা আটকে রাখার হুমকি দেন, যদি প্রতিনিধি পরিষদ প্রথমে এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল অনুমোদন না করে। এ প্যাকেজে রাস্তা, সেতু, পাওয়ার গ্রিড, গণপরিবহন ও ইন্টারনেটের জন্য অর্থায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
২৪ ঘণ্টা তর্কবিতর্কের পর শীর্ষ হাউস ডেমোক্র্যাটরা মধ্যপন্থীদের আশ্বাস দেন যে অবকাঠামো বিল নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর আলোচনা হবে। ওই দিন আবার প্রতিনিধি পরিষদের বৈঠক বসবে।
এর আগে ১২ আগস্ট মার্কিন সিনেটে এ পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়।