কর ফাঁকির স্বর্গরাজ্য যুক্তরাষ্ট্র
কর ফাঁকি দিয়ে অর্থসম্পদ পাচারের ক্ষেত্র হিসেবে সারা বিশ্বেই নিরাপদ দেশ মনে করা হয় সুইজারল্যান্ডকে। এ জন্য কেম্যান আইল্যান্ডসের মতো ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোও বেশ জনপ্রিয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থা এখন বলছে, সাম্প্রতিক সময়ে এসব দেশকে ছাড়িয়ে সম্পদ পাচারের নিরাপদ দেশ হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্পদ পাচারে শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন ৬ থেকে ৩ নম্বর অবস্থানে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র নামটি পড়ে অনেকে হয়তো অবাকই হবেন। কারণ, তথ্য গোপন করে মার্কিন নাগরিকদের সম্পদ রাখার জন্য সুইস ব্যাংকগুলোর কাছে যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন ডলারের জরিমানা আদায়ের ঘটনা খুব বেশি পুরোনো নয়। এ ছাড়া সম্পদ পাচারের বিরুদ্ধে দেশটির আইন ও রাজস্ব বিভাগের কঠোর অবস্থানের বিষয়টিও অনেকের জানা। তারপরও কীভাবে মার্কিন মুলুক টাকা পাচারের নিরাপদ দেশ হয়ে উঠল—এটি নিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে।
অর্থনীতির বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড সুদহার বাড়ানোর সিদ্ধান্তও দেশটিতে অবৈধভাবে অর্জিত সম্পদের প্রবেশকে উৎসাহিত করবে। বেশি লাভের আশায় উন্নয়নশীল বিশ্বের ধনকুবেররা সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করবেন, আর এতে করে বাড়বে দেশটিতে অবৈধ সম্পদের প্রবেশ।
যুক্তরাষ্ট্র যে এখন কর ফাঁকির ‘নতুন সুইজারল্যান্ড’ হয়ে উঠছে, তার প্রমাণ মেলে বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাম্প্রতিক কর্মকাণ্ডে। রথশিল্ড, ট্রাইডেন্টের মতো বহুজাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তাদের গ্রাহকদের বলছে, কর ফাঁকি দিয়ে টাকা পাচার করার জন্য এখন বেশি নিরাপদ যুক্তরাষ্ট্র।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর এমন প্রচারণায় আকৃষ্ট হয়ে ইতিমধ্যেই অনেক ধনকুবের সুইস ব্যাংক বা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে সম্পদ যুক্তরাষ্ট্রে স্থানান্তর শুরু করেছেন। বিশ্বের বিভিন্ন ধনী পরিবারের সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ব্যবসা তাই এখন ভালোই জমে উঠেছে।