ব্রেক্সিট–পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবর্ন
কর বৃদ্ধি ও খরচ কমানোর উপায় খুঁজতে হবে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার ধাক্কা সামলাতে যুক্তরাজ্যের অর্থনীতিকে ভবিষ্যতে ‘কর বাড়ানো ও খরচ কমানোর’ নীতিতে চলতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘এটা একেবারে পরিষ্কার, যা ঘটছে তাতে ব্রিটেন আরও গরিব হতে যাচ্ছে। দেশের মানুষের আর্থিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সেটি নিয়েই আমরা এখন কাজ করছি।’
ইইউ ছাড়ার আর্থিক ক্ষতি মোকাবিলার সম্ভাব্য উপায় সম্পর্কে জর্জ অসবর্ন বলেন, ‘অবশ্যই কর বাড়ানো ও খরচ কমানোর’ নীতি গ্রহণ করতে হবে। তবে সেই সিদ্ধান্ত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে যাঁরা ইইউ ছাড়ার পক্ষে প্রচার চালিয়েছেন, তাঁদেরই এ সিদ্ধান্ত নিতে হবে।’
এদিকে গত কয়েক দিনে টানা পতনের পর গতকাল মঙ্গলবার বিশ্বজুড়ে বড় বড় পুঁজিবাজার ও পণ্যবাজারগুলো আবার ইতিবাচক হয়ে উঠছে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দাম ও সূচক। যুক্তরাজ্যের পুঁজিবাজারের প্রধান দুটি সূচকে তেজি ভাব লক্ষ করা গেছে। এর মধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ ও এফটিএসই ২০ সূচক ২ শতাংশ করে বেড়েছে। এর আগের দুই দিনে এ দুটি সূচক ৫ শতাংশ করে পড়ে গিয়েছিল।
ইউরোপের অন্যান্য পুঁজিবাজারেও গতকাল চাঙা ভাব দেখা গেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ২ দশমিক ২ শতাংশ, ফ্রান্সের প্যারিসভিত্তিক সিএসি ৪০ সূচক ২ দশমিক ৬ শতাংশ ও ইতালির মিলান সূচক ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
সময়ের দীর্ঘ পার্থক্যের কারণে গতকাল সন্ধ্যায় এ লেখা তৈরির সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারগুলোতে লেনদেন শুরু হয়নি। তবে আগের দিন সোমবার পর্যন্ত সেই দেশের পুঁজিবাজারেও নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। ওই দিনের লেনদেনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৮ শতাংশ, ডাউ জোন্স দেড় শতাংশ ও নাসড্যাক সূচক ২ দশমিক ৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের পাশাপাশি ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের মূল্যমান বা বিনিময় হারও গতকাল মার্কিন ডলারের বিপরীতে প্রায় ১ শতাংশ বেড়েছে। গত বৃহস্পতিবার ব্রেক্সিট নামের গণভোটে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে রায় যাওয়ার প্রভাবে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য গত ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
মুডি’স, এসঅ্যান্ডপি ও ফিচ রেটিংসের মতো তিনটি বহুজাতিক ঋণমান নির্ণয়কারী ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের পূর্বাভাসে যুক্তরাজ্যের ঋণমান ইতিমধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছে। সেই সঙ্গে দেশটির আর্থিক খাত শ্লথ হয়ে পড়বে বলেও উল্লেখ করেছে।
পাউন্ডের পাশাপাশি আরও কিছু দেশের মুদ্রার বিনিময় হার গতকাল বেড়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার র্যান্ডের ১ দশমিক ৮ শতাংশ, রাশিয়ার রুবল ও মেক্সিকোর পেসোর ২ শতাংশ দাম বেড়েছে। তবে গত দুই সপ্তাহ বৃদ্ধি পেলেও জাপানের মুদ্রা ইয়েনের বিনিময় হার এদিন দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও গতকাল প্রায় ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয়েছে ৪৭ ডলার ৬০ সেন্টে। জ্বালানি তেলের দাম আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক বাজারে গত দুই দিনে সোনার দাম অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়লেও গতকাল তা কিছুটা কমেছে। এদিন প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৩০৯ ডলারে, যা আগের দুই দিনের তুলনায় ১ শতাংশ কম। একইভাবে লন্ডনের পণ্যবাজারে কপার ও নিকেলের দামও গতকাল দেড় শতাংশ বেড়েছে। জার্মানি, ইতালি, স্পেনে সরকারি ট্রেজারি বন্ডের লভ্যাংশও গতকাল কিছুটা কমেছে।
মার্কিন বহুজাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান জেপি মরগানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান জিং ইলরিচ মনে করেন, ব্রিটেনের ইইউ ছাড়ার সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে সাময়িক সংকটে ফেলেছে। এ সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যের বিশ্বায়ন প্রক্রিয়াকে ঠেকিয়ে রাখতে পারবে না।
সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, সিএনএন মানি।