কলকাতায় বাংলাদেশের পর্যটকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় গতকাল একটি ব্যাংকের শাখায় ৫০০ ও ১০০০ রুপির নোট পরিবর্তন করতে আসা গ্রাহকদের ভিড় l এএফপ
কলকাতায় গতকাল একটি ব্যাংকের শাখায় ৫০০ ও ১০০০ রুপির নোট পরিবর্তন করতে আসা গ্রাহকদের ভিড় l এএফপ

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি পর্যটক বিপাকে পড়েছেন। ভ্রমণ ও চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশের এসব মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন। তাঁরা এখন হোটেল ও চিকিৎসার বিল দিতে পারছেন না বলে জানিয়েছেন।
কেউ কেউ আন্তর্জাতিক এটিএম কার্ড নিয়ে এলেও টাকা তুলতে পারছেন না। কারণ, দুদিন ধরে ভারতে সব এটিএম বুথ বন্ধ রয়েছে। এই অবস্থায় অনেকে দেশে ফিরে যেতে চাইলেও অর্থের অভাবে তা করতে পারছেন না।
বাংলাদেশের নাগরিকেরা সাধারণত ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে আসার সময় ডলার নিয়ে আসেন। এখানে এসে তাঁরা ডলার ভাঙিয়ে ভারতীয় রুপি সংগ্রহ করেন। এ ক্ষেত্রে বড় নোট অর্থাৎ ৫০০ ও ১০০০ রুপিই তাঁদের প্রথম পছন্দ। কিন্তু ভারত সরকার আকস্মিকভাবে মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করে। এতে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশসহ বিদেশি পর্যটকেরাও বিপাকে পড়েছেন।
চিকিৎসা ও বেড়ানোর জন্য কলকাতায় আসা বাংলাদেশিদের সঙ্গে গতকাল আলাপকালে জানা যায়, তাঁরা আর্থিকভাবে করুণ অবস্থায় আছেন। ভারতে আচমকা এভাবে দুটি নোট বাতিল হওয়ায় তাঁরা বিস্মিত। নাম প্রকাশ না করে এক পর্যটক প্রথম আলোকে বলেন, চিকিৎসার জন্য তিনি ডলার ভাঙিয়ে দেড় লাখ রুপি হাতে রেখেছিলেন। কিন্তু সবই ৫০০ ও ১০০০ রুপির নোট।
আরেক পর্যটক বলেন, হাসপাতালে রয়েছে তাঁর রোগী, কিন্তু টাকা বদলাতে পারছেন না। অথচ হাসপাতাল থেকে বারবার বিল পরিশোধের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, ‘বলুন, কীভাবে পেমেন্ট করব?’
অন্য এক বাংলাদেশি বলেন, তাঁরা একজন ক্যানসার রোগীর চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। এখন আটকে পড়েছেন ৫০০ আর ১০০০ টাকার নোটের জালে।
কলকাতায় আসা বাংলাদেশির দাবি, ভারত সরকার যেন পর্যটকদের পাসপোর্ট দেখে তাঁদের হাতে থাকা রুপি বদলিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
এদিকে কলকাতার হোটেলগুলোও বড় নোট নিতে চাইছে না। এই অবস্থায় যিনিই পারছেন, তিনিই দেশে ফিরে যাচ্ছেন। কালিম্পং থেকে বাংলাদেশের এক সাংবাদিক প্রথম আলোকে বলেন, ‘কী করব ভেবে পাচ্ছি না। হাতে বড় নোট, কিন্তু তা হোটেল মালিক নিচ্ছেন না।’
বাংলাদেশের অনেক পর্যটক এরই মধ্যে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সাহায্য চেয়েছেন, যাতে তাঁদের সমস্যার ব্যাপারে ব্যবস্থা নিতে ভারত সরকার ও কলকাতার হাসপাতালগুলোকে অনুরোধ জানানো হয়।
এদিকে শ্যামলী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ প্রথম আলোকে বলেন, মানবিকতা বিবেচনা করে তাঁরা পুরোনো নোট নিয়ে বাংলাদেশি পর্যটকদের ঢাকায় ফিরে যাওয়ার টিকিট কাটার ব্যবস্থা চালু রেখেছেন।
কেন্দ্রীয় সরকারের ঘোষণায় অবশ্য হাসপাতাল ও ওষুধের দোকানের বিল পরিশোধ, রেল ও বিমান টিকিট ক্রয়সহ আরও কিছু জরুরি সেবার ক্ষেত্রে ৭২ ঘণ্টা পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট নেওয়া যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু খুচরা নোটের অভাবে আবার বড় দুটি নোট ভাঙানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই তাঁর পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, এটা নরেন্দ্র মোদি সরকারের তুঘলকি সিদ্ধান্ত। যে সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ ও গরিব মানুষ, কর্মচারী এবং ছোট ব্যবসায়ীরা।
পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছেন, এভাবে টাকা বাতিল করায় দেশময় আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি হলো। যথেষ্ট চিন্তাভাবনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্তটি নেওয়ার সময় সাধারণ মানুষের কথা ভাবা হয়নি।