কাতারের আবাসন মেলা স্থগিত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের কারণে কাতারের আবাসন মেলা স্থগিত করার চিন্তাভাবনা করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব। কারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের আবাসন প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না।
ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের শীতকালীন আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে গত ৩০ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য কাতারে আবাসন মেলা করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় রিহ্যাব। এর আগেই সংগঠনের পক্ষ থেকে কাতারের দোহার নাজমা এলাকার রিজেন্সি হলে মেলাটির বিষয়ে বিস্তারিত জানিয়ে সদস্যদের চিঠি দেওয়া হয়। আনুষ্ঠানিক ঘোষণার পরে স্টল বুকিংয়ের জন্য বিজ্ঞপ্তি দেয় রিহ্যাব। মার্চের শেষ সপ্তাহে পাঁচ দিনের এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, কাতারের মেলায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা। তবে এখন পর্যন্ত মাত্র ২৫টি প্রতিষ্ঠান স্টল বুকিং দিয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সংগঠনের অধিকাংশ সদস্য প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছে না। তাই রিহ্যাব কর্তৃপক্ষ মেলাটি স্থগিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
জানতে চাইলে রিহ্যাবের মেলা কমিটির কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী গত সোমবার প্রথম আলোকে বলেন, মেলা আয়োজনের বিষয়টি তাঁরা মোটামুটি গুছিয়ে এনেছিলেন। তবে দেশে অবরোধ-হরতালের কারণে সব ব্যবসায়ীই লোকসান গুনছেন। অবস্থা এমনই খারাপ যে কেউ এখন বিনিয়োগ করতে চাইছেন না। কারণ, কাতারে মেলায় অংশ নিতে হলে প্রতিষ্ঠানগুলোকে অনেক টাকা খরচ করতে হবে।
শাকিল কামাল চৌধুরী বলেন, ‘শুরুতে মার্চের শেষের সপ্তাহে মেলা আয়োজনের কথা। রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর আমরা ভেবেছিলাম এটি শিগগিরই সমাধান হয়ে যাবে। সে ক্ষেত্রে আমরা এপ্রিলের মাঝামাঝি করার কথাও ভাবছিলাম। তবে এখন সবকিছুই প্রতিকূল।’ তিনি আরও বলেন, ২৫ প্রতিষ্ঠান দিয়ে দেশের বাইরে মেলা আয়োজন করলে কখনই লাভজনক হবে না।
এ বিষয়ে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘আগামী সপ্তাহে কাতারের মেলা নিয়ে সংগঠনের কার্যকরী কমিটির একটি বৈঠক হবে। সেখানেই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে আপাতত সিদ্ধান্ত হচ্ছে, সার্বিক বিবেচনায় এ মেলার আয়োজন থেকে শেষ পর্যন্ত হয়তো পিছিয়েই আসতে হচ্ছে আমাদের।’
রিহ্যাব নেতারা জানান, কাতারের মেলা শেষ পর্যন্ত না হলেও আগামী জুনে ঢাকায় এবং সেপ্টেম্বর বা অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি।