কানাডা-ইইউ চুক্তি স্বাক্ষর রোববার
কানাডার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচিত বাণিজ্য চুক্তি সিইটিএ (কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী রোববার। ব্রাসেলসে এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার সিইটিএ চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও বেলজিয়ামের অসম্মতির কারণে তা ভেস্তে যায়। দেশটির ওয়ালোনিয়া অঞ্চলের বাধার কারণে এই চুক্তিতে স্বাক্ষর করতে অসম্মতি জানায় বেলজিয়াম। দীর্ঘ আলোচনার পর গতকাল শুক্রবার ইইউভুক্ত ২৮টি দেশই এতে সম্মতি দিয়েছে।
বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী চালর্স মাইকেল জানান, দীর্ঘ আলোচনার পর আঞ্চলিক গুরুত্বকে বিবেচনা করে তারা (ওয়ালোনিয়া) এই সংযোজনে একমত হয়েছে।
এরপর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক টুইট বার্তায় জানান, অবশেষে মিশন সম্পূর্ণ হলো।
কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেন, ‘খুবই ভালো সংবাদ, আমি সেখানে যাব বলে আশা করছি।’
২০০৯ সাল থেকে কানাডা ও ইইউ সিইটিএ স্বাক্ষরের চেষ্টা করছে। চুক্তি অনুযায়ী কানাডা ও ইইউর মধ্যে বিদ্যমান বাণিজ্য শুল্কের ৯৮ শতাংশ প্রত্যাহার করা হবে। ২০১৪ সালে সিইটিএ আলোচনা চূড়ান্ত হওয়ার পর কানাডা ও ইইউ চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করে। কিন্তু শেষ মুহূর্তে বেলজিয়ামের একটি প্রাদেশিক সরকারের আপত্তি মূল বাধা হয়ে দাঁড়ায়। ফরাসি ভাষাভাষী ওয়ালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট সিইটিএ চুক্তি প্রত্যাখ্যান করে। শ্রমিকদের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি পরিবেশ ও ভোক্তার মান উন্নয়ন নিয়ে সোচ্চার হয় ওয়ালোনিয়া। ওয়ালোন অঞ্চলের কৃষকদের জন্য আরও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। কারণ, চুক্তির ফলে কানাডা থেকে আমদানি বাড়লে অনেক বেশি প্রতিযোগিতায় পড়তে হবে এই শ্রমিকদের।
ইইউর আইন অনুযায়ী, জোটের যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে ২৮টি সদস্য দেশের অনুমোদন থাকতে হবে। কিন্তু ওয়ালোনিয়ার আঞ্চলিক সরকারের আপত্তির কারণে বেলজিয়াম সিইটিএতে সম্মতি দিতে পারছিল না।