কারখানা পরিদর্শনে সহায়তা করতে বিজিএমইএকে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স ছাড়াও জাতীয় ত্রিপাক্ষিক কর্মপরিকল্পনার অধীনে বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সমন্বয়ে এ পরিদর্শন কার্যক্রমে আরও নিবিড়ভাবে সহায়তা করতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় শেষে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন কানাডার হাইকমিশনার। তিনি বলেন, বিজিএমইএর উচিত হবে যেসব কারখানা পরিদর্শন প্রক্রিয়ার মধ্যে আছে, তাদেরই কেবল রপ্তানির অনুমতি দেওয়া। নিরাপত্তার পাশাপাশি কারখানার উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তবে তার চেয়ে প্রয়োজনীয় রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা যাতে না ঘটে, সেটি নিশ্চিত করা। আর সে কারণেই কোনো কারখানা যেন পরিদর্শন আওতার বাইরে না থাকে।
প্রসঙ্গত, সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় আইএলও প্রতিনিধি অভিযোগ করেছে, মালিকদের অসহযোগিতা, বিশেষ করে কারখানার অবস্থান ও যোগাযোগের নম্বরের বিষয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য না থাকার কারণে জাতীয় ত্রিপাক্ষিক কর্মপরিকল্পনার অধীনে চলমান পোশাক কারখানার পরিদর্শন কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল বিজিএমইএ এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে সংগঠনটি কাজ করছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক পরিবর্তন হলে কানাডার ভোক্তারা বেশি অর্থ দিতে প্রস্তুত আছে বলে জানান হাইকমিশনার। তিনি বলেন, এ জন্য অবশ্যই উৎপাদকেরা সামাজিকভাবে দায়বদ্ধ থেকে নিরাপদ কর্মপরিবেশে পোশাক তৈরি করছেন, সেটি নিশ্চিত করতে হবে।
এর আগে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম রানা প্লাজা ধসের পর নেওয়া বিভিন্ন উদ্যোগ, পোশাক খাতের বর্তমান রপ্তানি চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি তুলে ধরেন। তিনি বলেন, কানাডায় গত অর্থবছর বাংলাদেশ থেকে ১০০ কোটি ২০ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়। শীর্ষ রপ্তানি আয়ের দেশগুলোর মধ্যে কানাডার অবস্থান সপ্তম। এ ছাড়া বর্তমানে কানাডার মোট পোশাক আমদানির ৬০ শতাংশ চীন থেকে যায়। আর বাংলাদেশ থেকে যায় মাত্র ১০ দশমিক ৮৫ শতাংশ। এটিকে বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের পোশাক রপ্তানিতে কানাডাকে শীর্ষ পাঁচের মধ্যে নিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা চান তিনি।
বেনওয়া পিয়ের লাঘামে বলেন, গত দুই বছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে অনেক ইতিবাচক পরিবর্তন। আরও করতে হবে। তিনি বলেন, পোশাকশিল্পে এ অঞ্চল ও বিশ্বে বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। ভবিষ্যতে এ খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, শ্রমিক অধিকার নিশ্চিত করা এবং উচ্চ মানের পণ্য তৈরি করতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য মালিক, সরকার ও শ্রমিকদের মধ্যে কার্যকরী সামাজিক সংলাপের ওপর জোর দেন এ কূটনীতিক।
বেনওয়া পিয়ের লাঘামে বলেন, গত ১০ বছরে কানাডা ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে অভাবনীয় উন্নতি হয়েছে। ২০০৩ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৪৭ কোটি ৮০ লাখ ডলার। ২০১২ সালে তা বেড়ে ১৭০ কোটি ডলার হয়েছে। বর্তমানে যা ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশই বেশি লাভবান হয়েছে। কারণ বাংলাদেশ কানাডাতে রপ্তানি করছে ১২০ কোটি ডলারের পণ্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান ও ফারুক হাসান প্রমুখ।