কালোটাকা গেল কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতে নরেন্দ্র মোদির সরকার গত ৮ জুন ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিলের সিদ্ধান্ত মূলত কালোটাকা ঠেকাতে নিয়েছিল। মোদির এক ঘোষণায় অচল হয়ে গিয়েছিল ১৫ দশমিক ৪ লাখ কোটি টাকার বেশি মূল্যের ৫০০ ও ১ হাজার রুপির নোট।

সে সময় ধারণা করা হয়, সব নোট জমা পড়বে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভেবে ছিলেন, কালোটাকা যাঁদের কাছে আছে, অর্থ জমা দিতে গেলে আয়কর দপ্তরের নজরে পড়তে হবে বলে নোট নষ্ট করে ফেলবেন। অন্যথায় কর বা জরিমানার টাকা গুনতে হবে।

কর্মকর্তাদের এই ধারণা ভুল প্রমাণ করে ইতিমধ্যে সাড়ে ১১ লাখ কোটি রুপি ব্যাংকে জমা পড়েছে। পুরোনো নোট জমা করার সময়সীমা শেষ হবে ৩০ ডিসেম্বর। অর্থাৎ, আরও তিন সপ্তাহ বাকি। অর্থ মন্ত্রণালয়ের অনুমান ছিল, পুরোনো ৫০০ ও ১ হাজার রুপির নোটের ১৫ দশমিক ৪ লাখ কোটি রুপির মধ্যে তিন ভাগের এক ভাগ কালোটাকা। সেই হিসাবে ৩ থেকে ৫ লাখ কোটি রুপি আর ফেরত আসবে না। সম্প্রতি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এখন অর্থ মন্ত্রণালয় আশঙ্কা করছে, যা ভাবা হয়েছে, এর চেয়েও বেশি নোট জমা পড়ে যেতে পারে।

প্রশ্ন উঠেছে, তাহলে কালোটাকা গেল কোথায়? অর্থ মন্ত্রণালয় আশঙ্কা করছে, জমা হওয়া নোটের মধ্যে জালনোটও থাকতে পারে। অনেক পুরোনো নোট আধপোড়া, ছেঁড়া অবস্থায় উদ্ধার হয়েছে। তবে সব নোট জমা হওয়ার পর পুরো বিষয় পর্যালোচনা করা হবে।

এদিকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এক বিবৃতিতে বলেন, ‘মুদ্রা রহিতকরণের সিদ্ধান্ত বোকার মতো হয়েছে; যা দেশকে বিপর্যস্ত করে ফেলছে।’ তিনি বলেন, অর্থ পরিবর্তন করতে গিয়ে বিভিন্নভাবে ১০০ জনের বেশি মারা গেছেন। এই সিদ্ধান্তের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট পেশার মানুষেরা। কৃষক, জেলে, দিনমজুরদের দৈনন্দিন আয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।