কুয়ালালামপুর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য, সেরা সিঙ্গাপুর এয়ারলাইনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে নিয়মিত বিমান ভ্রমণকারীদের মতামত জরিপে সিঙ্গাপুর এয়ারলাইনস ২০১৪ সালের সেরা বিমান পরিবহন সংস্থা নির্বাচিত হয়েছে। আর দেশের অভ্যন্তরে সেরা বিমান সংস্থা নির্বাচিত হয়েছে নভো এয়ার। পর্যটন ও বিমান চলাচলবিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটরের জরিপে এ তথ্য উঠে এসেছে।
এ জরিপের ভিত্তিতে সেরা কার্গো বিমান সংস্থা নির্বাচিত হয়েছে এমিরেটাস। আর বাংলাদেশের পর্যটকেরা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরকে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল নির্বাচিত করেছেন।
দুই হাজার ১৪৭ জন ভ্রমণকারী এ জরিপে অংশগ্রহণ করেন। বাংলাদেশ মনিটরের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গত রোববার এক অনুষ্ঠানে বিমান সেবার বিভিন্ন বিভাগে নির্বাচিত এসব প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সেরা বিমান সংস্থা ছাড়াও আরও তিনটি শ্রেণিতে পুরস্কার পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ তিনটি শ্রেণি হলো দূরপাল্লার গন্তব্য, বিলাস শ্রেণি (বিজনেস ক্লাস) ও ফ্রিকোয়েন্ট ফ্লায়ার।
সাশ্রয় শ্রেণি (ইকোনমি ক্লাস) ও বিমানের অভ্যন্তরে বিনোদন ব্যবস্থাপনা শ্রেণিতে সেরা প্রতিষ্ঠানের এমিরেটস এয়ালাইন।
স্বল্পপাল্লার দূরত্বের জন্য সেরা বিমান সংস্থার পুরস্কার পেয়েছে ব্যাংকক এয়ারওয়েজ। সবচেয়ে কম ভাড়া শ্রেণিতে মালিন্দ এয়ার।
খাবার পরিবেশনের জন্য বিলাস শ্রেণিতে টার্কিস এয়ারলাইনস এবং সাশ্রয়ী শ্রেণিতে থাই এয়ারওয়েজ পুরস্কার পেয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এ বছর বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। ব্যাংকক ও দুবাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
সেরা এয়ার এক্সপ্রেস ক্যাটাগরিতে ডিএইচএল এক্সপ্রেস সর্বাধিক ভোট লাভ করেছে। দ্বিতীয় ও তৃতীয় রয়েছে যথাক্রমে ফেডেক্স ও টিএনটি এক্সপ্রেস।
২০১৪ সালে হজ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ পুরস্কার লাভ করে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।