কোন পথে এগোবে এই বিনা মূল্যের প্ল্যাটফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সফটওয়্যার পেশাজীবীদের প্রশ্ন-উত্তরের জনপ্রিয় মুক্ত প্ল্যাটফর্ম স্টেক ওভারফ্লোকে তিন সপ্তাহ আগে কিনে নিয়েছে প্রোসাস। প্রোসাস হলো দক্ষিণ আফ্রিকার বহুজাতিক কোম্পানি নাসপিয়ার্সের ইন্টারনেট সম্পদ বিভাগ। এ লেনদেনে স্টেক ওভারফ্লোয়ের দাম নির্ধারিত হয়েছে ১৮০ কোটি ডলার (১.৮ বিলিয়ন) বা ১৫ হাজার ৩০০ কোটি টাকা (১ ডলার = বাংলাদেশি ৮৫ টাকা হিসাবে)।

স্টেক ওভারফ্লো ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রমে ক্রমে বিশ্বের প্রোগ্রামারদের ‘বিপদ তাড়ন–পাচন প্রশ্ন করে বাঁচুন’ হয়ে উঠেছে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের খাতটি সতত পরিবর্তনশীল। কেবল বই পড়ে বা কয়েকটি কোর্স করে এই প্রোগ্রামিংয়ের জগতে আসা গেলেও সেখানে সফল হতে হলে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করতে হয়। নিজেকে সার্বক্ষণিক পড়ালেখার মধ্যে রেখেও প্রায় সব প্রোগ্রামারই বাস্তব জীবনে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হন। এসব সমস্যার তাৎক্ষণিক সমাধানের উপায় হলো স্টেক ওভারফ্লোর শরণাপন্ন হওয়া। ২০০৮ সাল থেকে ধীরে ধীরে বিকশিত হয়েছে এই প্ল্যাটফর্ম। কম্পিউটার প্রোগ্রামাররা বিনা খরচে এই জ্ঞানকেন্দ্র ব্যবহার করতে পারেন।

চলতি বছরের মার্চ পর্যন্ত সেখানে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারী নিবন্ধন করেছে। এখন পর্যন্ত প্ল্যাটফর্মে উঠে এসেছে ২ কোটি ১০ লাখের বেশি প্রশ্ন বা সমস্যা। সমস্যার উত্তর বা সমাধান দেওয়া হয়েছে ৩ কোটি ১০ লাখের বেশি। প্রশ্ন ও উত্তরের মানের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের পয়েন্ট দেওয়া হয়। ব্যবহারকারীরা এ পয়েন্ট ও স্টেক ওভারফ্লোতে তাদের প্রোফাইলকে নতুন চাকরি খোঁজার জন্য কিংবা উদ্যোক্তারা তাঁদের কর্মী বা বিনিয়োগকারী খোঁজার জন্য ব্যবহার করে।

প্রোসাস ইতিমধ্যে ইন্টারনেটভিত্তিক শিক্ষা-প্রযুক্তির ক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ় করেছে। এরই মধ্যে তারা টেনসেন্ট, ব্রেইনলি, বায়জু, কোড একাডেমি, ওএলএক্স, পেইউ, রেমিটলি বা ইউডেমির মতো প্রতিষ্ঠান হয় অধিগ্রহণ করেছে, নতুবা তাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। স্টেক ওভারফ্লোর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চন্দ্রশেখর এ–সংক্রান্ত আনুষ্ঠানিক ব্লগ পোস্টে দাবি করেছে, প্রোসাসের এসব প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে বিশ্বের এক–পঞ্চমাংশ মানুষের জীবনাচারণের সঙ্গে যুক্ত।

এই প্রশ্ন-উত্তরের জন্য প্রশ্নকর্তা বা উত্তরদাতাকে কোনো টাকা দিতে হয় না।

প্ল্যাটফর্মটির আয়ের উৎস কী?

পাবলিক লিমিটেড কোম্পানি না হওয়ায় তাদের প্রকৃত আয় জানা সম্ভব হয় না। তবে ধারণা করা হয়, বর্তমানে এটির বার্ষিক আয় প্রায় ৭০ মিলিয়ন ডলার। চার শতাধিক কর্মীর এ প্রতিষ্ঠানের আয়ের খাত প্রধানত তিনটি। প্রথমত, যেসব প্রতিষ্ঠান প্রোগ্রামার বা ডেভেলপার নিয়োগ করে, তাদের চাহিদা অনুযায়ী যোগ্য লোক খুঁজে দিতে সাহায্য করা। দ্বিতীয়ত, এ ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন উৎসাহী প্রোগ্রামারদের সামনে তুলে ধরা। আর সর্বশেষ হলো ২০১৭ সালে শুরু করা স্টেক ওভারফ্লোর পেইড করপোরেট ভার্সন ‘স্টেক ওভারফ্লো ফর টিমস’। অনেক প্রতিষ্ঠানই এখন নিজস্ব প্রোগ্রামিং টিম গঠনে উৎসাহী। নিজেদের জন্য এ রকম একটি সিকিউরড, ডেডিকেটেড প্ল্যাটফর্ম তারা খোঁজে। সাস (SaaS) ভিত্তিক এই প্ল্যাটফর্ম তাদের জন্য উপযোগী। বর্তমানে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, ডিজিটাল কোম্পানি ইনস্টাকার্ট ও বক্স এবং বহুজাতিক শেভরন বা সিমেন্সের মতো কোম্পানি এটি ব্যবহার করছে।

এই অধিগ্রহণের ফলে বিনা মূল্যের প্ল্যাটফর্মটির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রশান্ত চন্দ্রশেখর। বরং প্রোসাসের অন্যান্য এডুটেক কোম্পানিগুলোর সঙ্গে ক্রস-প্ল্যাটফর্ম কাজের সুযোগ হবে বলে তাঁর ধারণা। প্রোসাস জানিয়েছে, তারা সাস প্ল্যাটফর্মটিকে ১০০ ফরচুন কোম্পানির ৯০ শতাংশের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। প্রোগ্রামারদের বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই অধিগ্রহণের বিষয়ে দুটি মত দেখা যাচ্ছে। কারও কারও মতে, এটি আর আগের মতো থাকবে না। অন্যদিকে মুক্ত প্ল্যাটফর্মটি আরও বিকশিত হবে বলে যাঁরা ধারণা করছেন, তাঁদের পয়েন্ট হলো মালিকানা বদল হলেও এর কর্মী বা ব্যবস্থাপনার কোনো পরিবর্তন হবে না।
শেষ পর্যন্ত ব্যাপারটি কোথায় গড়াবে, সেটি জানার জন্য প্রায় দেড় কোটি ব্যবহারকারীর সঙ্গে আমাদেরও অপেক্ষা করতে হবে।