ক্রেতা সুরক্ষায় পশ্চিমবঙ্গে নতুন আবাসন আইন
কোনো নির্দিষ্ট আবাসন প্রকল্পের জন্য ক্রেতাদের কাছ থেকে পাওয়া অর্থের ৭০ শতাংশ আলাদা ব্যাংক হিসাবে রাখতে হবে। কেবল সংশ্লিষ্ট প্রকল্পের জমি ও নির্মাণকাজেই এই অর্থ ব্যয় করা যাবে। মাঝপথে কাজ বন্ধ হলে ওই ব্যাংক হিসাবের অর্থ দিয়ে স্থানীয় প্রশাসন প্রকল্পটি সম্পন্ন করবে।
ফ্ল্যাট ও বাড়ির ক্রেতাদের সুরক্ষা দিতে এবং ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচায় স্বচ্ছতা আনতে এমন সব শর্ত যোগ করে নতুন আবাসন আইন করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট-২০১৭’ শিরোনামে আবাসন আইনটি গত বুধবার বিধানসভায় পাস হয়েছে। অবশ্য কেন্দ্রীয় আবাসন আইন পাস হওয়ার প্রায় এক বছর পর এ বিষয়ে নিজস্ব আইন আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে গতকাল এমনটাই জানানো হয়েছে।
বিধানসভায় বিলটি পেশ করে রাজ্যের আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘অসাধু আবাসন ব্যবসায়ীদের রুখতেই এই উদ্যোগ।’ তবে বিরোধীপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আবাসন আইনের পর অধিকাংশ রাজ্যই করে ফলেছে। সেদিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই দেরি করছে।
গত ১ মের মধ্যে আবাসন আইনটি করতে সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এ ছাড়া শিগগিরই রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটি করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে আবাসন মন্ত্রণালয়। তাই আইনটি শিগগির করার জন্য রাজ্যের ওপর চাপ বাড়ছিল বলে জানা গেছে।
নতুন আবাসন আইন অনুযায়ী, প্রকল্পের জমি নথিভুক্ত হওয়ার পাশাপাশি প্রকল্প ও নির্মাণ সংস্থা সম্পর্কে খুঁটিনাটি তথ্য ক্রেতাকে জানাতে হবে। জমির দাম ও ক্রেতার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়ার দিনক্ষণ নির্দিষ্ট করে বলতে হবে। সময়মতো ফ্ল্যাট হস্তান্তর করতে না পারলে জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানকে। ‘বিল্টআপ’ বা ‘সুপার বিল্টআপ’ ধরে নয়, প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম বলতে হবে ‘কার্পেট এরিয়া’ (ঘর, রান্নাঘর ও বাথরুমের আয়তন) অনুযায়ী। পার্কিংয়ের জন্য জায়গা কতটা, সেটিও জানাতে হবে। কোনো ক্রেতা অভিযোগ করলে ৬০ দিনের মধ্যে সমাধান করতে হবে।
পশ্চিমবঙ্গে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে ফ্ল্যাটের মাপ বোঝা। কারণ আবাসন ব্যবসায়ীরা বিল্টআপ ও সুপার বিল্টআপের কথা বলে ফ্ল্যাটের দাম হিসাব করেন। তাতে শেষ পর্যন্ত কত আয়তনের ফ্ল্যাট পাওয়া যাবে, সেটি বিরাট প্রশ্ন।
উল্লেখ্য, আবাসন ব্যবসায় শৃঙ্খলা আনতে এবং ক্রেতাদের সুরক্ষা দিতে বাংলাদেশেও ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ আছে। তবে প্রায়ই ক্রেতারা অভিযোগ করেন, আবাসন ব্যবসায়ীরা সময়মতো ফ্ল্যাট বুঝিয়ে দেন না। নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।